শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬

দলীয় পরিচয়, আত্মীয়তা বা ধর্ম বিবেচনা না করে সহায়তা দিতে হবে: দেবীগঞ্জে পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড়ের দেবীগঞ্জে ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রকৃত দুস্থদেরই সরকারি সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

সরকারি সহায়তার তালিকা তৈরির সময় দলীয় পরিচয়, আত্মীয়তা বা ধর্ম বিবেচনা না করে প্রকৃত দুস্থ ও অসহায় মানুষকে সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অসহায় পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘যারা প্রকৃতপক্ষে সরকারি সহায়তা পাওয়ার উপযুক্ত, তাদেরই এই সহায়তা দেবেন। এর মধ্য দিয়েই আমাদের সরকারের ওপর মানুষের আস্থা বাড়বে।’ তিনি আরও বলেন, সরকারি সহায়তা জনগণের কল্যাণে বরাদ্দ দেওয়া হয়; তাই বিতরণের ক্ষেত্রে কোনো দলীয় বিবেচনা, স্বজনপ্রীতি বা পক্ষপাতিত্ব করা যাবে না।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে দেবীগঞ্জ উপজেলার ৪৪টি অসহায় পরিবারের প্রত্যেককে এক বান্ডিল করে ঢেউটিন ও গৃহনির্মাণের জন্য তিন হাজার টাকার চেক দেওয়া হয়। এ ছাড়া দুটি মসজিদের প্রত্যেকটিকে দুই বান্ডিল ঢেউটিন ও ছয় হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনী বসুনিয়া ও দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগীরা।