বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

পুঁজিবাজারে হঠাৎ বড় পতন, ডিএসইএক্স কমল ৫৪ পয়েন্টের বেশি

দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন কমেছে; বাজারসংশ্লিষ্টরা পতনের সুনির্দিষ্ট কারণ বলতে পারেননি।

দেশের পুঁজিবাজারে হঠাৎ করেই বড় পতন ঘটেছে। এক দিন আগেও বেশ ভালো অবস্থানে থাকা দুই পুঁজিবাজারই গতকাল বড় ধরনের সূচক হারিয়েছে, একই সঙ্গে কমেছে লেনদেনও। উভয় বাজারেই লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও ফান্ডের ৭৩ শতাংশের বেশির দর কমেছে।

লেনদেন শুরুর কিছুক্ষণের মধ্যে বিক্রয়চাপের মুখে পড়ে বাজার, পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি। বাজারসংশ্লিষ্টরা দিনের আচরণে হতাশা প্রকাশ করেছেন। তাঁরা হঠাৎ এমন পতনের সুনির্দিষ্ট কোনো কারণ বলতে পারেননি। বাজারের একটি অংশ মনে করছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে বিক্রয়চাপ এসেছে। তবে সেই চাপের কারণ নিয়ে সন্তোষজনক ব্যাখ্যা মেলেনি। সাধারণ বিনিয়োগকারীদের কেউ কেউ মনে করেন, মাসের শেষ দিকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিতে গিয়ে এই চাপ তৈরি করেছেন।

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল ৫৪ দশমিক ৭০ পয়েন্ট কমেছে। সূচকটি সকালে ৫ হাজার ৫৮৮ দশমিক ০২ পয়েন্টে লেনদেন শুরু করে দিন শেষে নেমে আসে ৫ হাজার ৫৩৩ দশমিক ৩২ পয়েন্টে। বাজারটির দুই বিশেষায়িত সূচক ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহ কমেছে যথাক্রমে ১৭ দশমিক ২৭ ও ১০ দশমিক ৬২ পয়েন্ট।

ডিএসইতে গতকাল ৯১৭ কোটি টাকার লেনদেন নিষ্পত্তি হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৫৯ কোটি টাকা কম। মঙ্গলবার এই বাজারে লেনদেন ছিল এক হাজার ৭৬ কোটি টাকা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন কমেছে। সেখানে গতকাল লেনদেন হয়েছে ২৪ কোটি টাকার, মঙ্গলবার ছিল ৩৫ কোটি টাকা।

এদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের সুযোগ সংকুচিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়, ‘এ’ ক্যাটাগরির সব কোম্পানি এবং ন্যূনতম ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা কোম্পানিই কেবল ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করতে পারবে। ফলে ‘জেড’ ক্যাটাগরির কোনো কোম্পানি এবং ৫ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ‘বি’ ক্যাটাগরির কোম্পানিকে শেয়ারহোল্ডার বা তাঁদের প্রতিনিধিদের সশরীর উপস্থিতিতে এজিএম করতে হবে। বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আবুল কালাম সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।