শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

টঙ্গীতে মাদরাসা শিক্ষার্থীকে মাইক্রোবাসের ধাক্কা, ফুটওভারব্রিজের দাবিতে পৌনে ৪ ঘণ্টা মহাসড়ক অবরোধ

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক রোববার থেকে নির্মাণকাজ শুরুর আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

গাজীপুরের টঙ্গীতে সড়ক পারাপারের সময় এক মাদরাসা শিক্ষার্থী মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর ফুটওভারব্রিজ নির্মাণসহ ৬ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা দেড়টা থেকে বিকেল ৫টা ১০ মিনিট পর্যন্ত প্রায় পৌনে ৪ ঘণ্টা এ অবরোধ চলে।

অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়, ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী ও পথচারী। পরে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক আগামী রোববার থেকে ফুটওভারব্রিজের নির্মাণকাজ শুরুর সুনির্দিষ্ট আশ্বাস দিলে শিক্ষার্থীরা আপাতত আন্দোলন স্থগিত করেন।

বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার পাশের সিএনজি পাম্পের সামনে প্রধান সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস আলিম প্রথম বর্ষের (বিজ্ঞান বিভাগ) শিক্ষার্থী আবদুল্লাহ আল জাবিরকে জোরে ধাক্কা দেয়। তিনি গুরুতর আহত হন এবং আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর মাদরাসায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক নিরাপত্তা ও ফুটওভারব্রিজের দাবিতে মহাসড়কে নেমে আসেন।

অবরোধ চলাকালে মাদরাসার ছাত্রসংসদের সাধারণ সম্পাদক মোস্তফা আসাদ ফুয়াদ শিক্ষার্থীদের পক্ষ থেকে ৬ দফা দাবি তুলে ধরেন। তিনি বলেন, প্রায় তিন মাস আগেও একই স্থানে সড়ক দুর্ঘটনায় ইয়াসিন নামে তাঁদের এক সহপাঠী নিহত হয়েছিলেন। তখন জেলা প্রশাসক ও সিটি করপোরেশনের প্রশাসক এক সপ্তাহের মধ্যে ফুটওভারব্রিজের কাজ শুরুর লিখিত আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি।

ব্রিজ নির্মাণে বিলম্ব নিয়ে সিটি করপোরেশন ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। গাজীপুর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী সুদীপ বসাক জানান, শিক্ষার্থীদের আগের দাবির ভিত্তিতে সিটি করপোরেশন দরপত্র আহ্বান করে ঠিকাদার নিয়োগ দিয়েছিল। কিন্তু সওজ বিভাগ অনাপত্তিপত্র না দিয়ে একই কাজের জন্য নিজেরা দরপত্র ডাকে। ফলে সিটি করপোরেশন কাজ শুরু করতে পারেনি।

অন্যদিকে গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, তাঁদের পক্ষ থেকেও ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে এবং অতি দ্রুত কাজ শুরু হবে।