এথেন্সে গ্যাস বিস্ফোরণে ভবন ধস: চার মার্কিন পর্যটকসহ ৬ জন নিহত
গ্রিসের রাজধানী এথেন্সের প্লাকা এলাকায় একটি দুই তলা ভবন গ্যাস বিস্ফোরণে ধসে পড়ায় এই হতাহতের ঘটনা ঘটে।
গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় একটি দুই তলা ভবন গ্যাস বিস্ফোরণে ধসে পড়েছে। এই ঘটনায় মোট ছয়জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
নিহতদের মধ্যে চারজন যুক্তরাষ্ট্রের পর্যটক ছিলেন। বাকি দুজন হলেন যুক্তরাজ্যের এক ব্যক্তি ও গ্রিসের এক নারী, যারা ভবনটির বাসিন্দা হিসেবে পরিচিত। স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের আগে থেকেই এলাকায় গ্যাসের গন্ধ পাওয়ার অভিযোগ করছিলেন। শনিবার উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে নিহত ছয়জনের লাশ উদ্ধার করেন।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, নিহত চার মার্কিন পর্যটকের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তাদের সঙ্গে পাওয়া নথিপত্র ও ব্যক্তিগত জিনিসপত্র থেকে তাদের মার্কিন নাগরিকত্ব নিশ্চিত হওয়া গেছে। ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, বিস্ফোরণে পাশের একটি ভবনের দুই নারী আহত হয়েছেন।
বিস্ফোরণের এক বছর আগে প্লাকা এলাকার বাসিন্দারা গ্যাস ছিদ্র ও শর্টসার্কিটের ঝুঁকি নিয়ে পৌর কর্তৃপক্ষ এবং বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নেটওয়ার্কের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সতর্ক করেছিলেন। একটি নাগরিক সংগঠন জানিয়েছে, বিস্ফোরণের স্থানের সড়কের এক বাসিন্দা কয়েক সপ্তাহ ধরে গ্যাসের গন্ধ পাচ্ছিলেন এবং তিনি কর্তৃপক্ষকে সতর্কও করেছিলেন।
যদিও গ্রিসের পুলিশের এক মুখপাত্র রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটিকে বলেন, বাসিন্দারা এ বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন, তবে গ্যাসের গন্ধের উৎস ও পদার্থটির প্রকৃতি এখনো নিশ্চিত হয়নি। ঐতিহাসিক প্লাকা এলাকাটি প্রাচীন অ্যাক্রোপলিসের পাদদেশে অবস্থিত এবং এর ঐতিহাসিক স্থাপনা ও পর্যটনকেন্দ্রের জন্য পরিচিত।