শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুর ও সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে বৃহস্পতিবারও বহু কারখানা বন্ধ বা ছুটি রয়েছে। গাজীপুরে ১০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অর্ধশতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের মাওনা ও গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেন। পরে শিল্প পুলিশ তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে প্রায় ২০ মিনিট যান চলাচল ব্যাহত হয়। একই মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় কয়েকটি কারখানার শ্রমিক সড়কে নেমে আন্দোলনের চেষ্টা করলে পুলিশ তাঁদেরও সরিয়ে দেয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, আজও বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ কাজ করছে। শিল্পাঞ্চলের নিরাপত্তায় ১৩ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন স্পেশাল রিজার্ভ ফোর্স (এসআরবি) ও ১২ প্লাটুন আনসার সদস্য মোতায়েন আছেন। জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া বলেন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারেও বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্যে সাভার ও আশুলিয়ায় আজ ২৯টি কারখানা বন্ধ আছে। এ ছাড়া ১০টি কারখানায় সাধারণ ছুটি রয়েছে। ১৭টি কারখানার শ্রমিকেরা উপস্থিত হলেও কাজ করছেন না। আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন বলেন, আজ সাভার ও আশুলিয়ার পরিস্থিতি অন্যান্য দিনের তুলনায় অনেক ভালো। কিছু কারখানায় শ্রমিকেরা কাজ করছেন না। তবে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়া এবং গ্রেপ্তার হওয়া শ্রমিক নেতাদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান তিনি।