রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

ফুটপাত দখল করে দোকান বসালে সরাসরি মামলা ও মালামাল জব্দ: ডিএসসিসি প্রশাসক, নিউমার্কেটে আগামী সপ্তাহে ফের উচ্ছেদ

সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’তে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে একযোগে পরিচ্ছন্নতা ও মশকনিধন অভিযান চালানো হয়েছে।

রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধ দোকান বসালে এখন থেকে সরাসরি মামলা করা হবে এবং জব্দ করা হবে দোকানের মালামাল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, অবৈধ দোকান সরাতে এত দিন অনুরোধ করা হয়েছে; এখন থেকে আর অনুরোধ নয়, সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার রাজধানীতে ডিএসসিসির সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে আয়োজিত বিশেষ মশকনিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এদিন ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে অভিযান চালানো হয়। প্রশাসকের ভাষ্য, রাস্তায় যানজট, যত্রতত্র ময়লা ফেলা এবং পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টির জন্য অনেকাংশে দায়ী অবৈধ হকার ও ভাসমান দোকান। নগরবাসী এসব দুর্ভোগ থেকে মুক্তি চান। তাই মানবিকতার দোহাই দিয়ে রাস্তা ও ফুটপাত দখলের সুযোগ নেই।

রাজধানীর নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে আগামী সপ্তাহে আবার উচ্ছেদ অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন আবদুস সালাম। তিনি বলেন, কোনো অবস্থাতেই সড়কে হকার বসতে দেওয়া হবে না।

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতার বিকল্প নেই। কোথাও তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ের সামনের বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস) নিয়েও তিনি কথা বলেন। তাঁর ভাষ্য, সিআইডি কর্তৃপক্ষের অনুরোধে জনস্বার্থে সেটি অন্যত্র সরিয়ে সেখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ওই এলাকার বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন একটি এসটিএস নির্মাণ করা হচ্ছে, যার কাজ চলতি মাসেই শেষ হবে।

শনিবারের পরিচ্ছন্নতা অভিযান সিআইডি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শান্তিনগর, কাকরাইল ও নয়াপল্টন হয়ে ফকিরাপুলে গিয়ে শেষ হয়। সিটি করপোরেশনের নিয়মিত পরিচ্ছন্নতাকর্মী ও মশকনিধন কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও এতে অংশ নেন। বিভিন্ন ওয়ার্ডে মাইকিং ও সচেতনতামূলক র‍্যালির আয়োজনও করা হয়।