রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সখীপুরে মাদকসেবীদের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগে চার সাংবাদিক কারাগারে; “চাঁদাবাজি করিনি”, বললেন একজন

টাঙ্গাইলের সখীপুরে শুক্রবার রাতের ঘটনায় শনিবার মামলা করেন স্থানীয় বণিক সমিতির সভাপতি; আদালত চারজনকেই কারাগারে পাঠান।

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মাদকসেবীদের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগের মামলায় চার সাংবাদিককে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে তাঁদের সখীপুর থানা থেকে পুলিশের গাড়িতে করে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো সাংবাদিকেরা হলেন একটি দৈনিকের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান (৩০), একটি অনলাইন মাধ্যমের প্রতিনিধি এ আর সুজন (৩০), তাঁর সহযোগী তানিম আহমেদ (২২) এবং একটি সাপ্তাহিকের অনলাইন ইনচার্জ শেখ মনির (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আটটার দিকে চার সাংবাদিক উপজেলার দারিয়াপুর ইউনিয়নের দেওবাড়ী গ্রামের চাকলাপাড়ায় এক বাড়িতে যান। সেখানে কয়েকজনকে মাদক সেবন করতে দেখে তাঁরা ভিডিও ধারণ করেন। অভিযোগ উঠেছে, পরে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মাদকসেবীদের কাছ থেকে টাকা নেওয়া হয়।

শনিবার সকালে দেওবাড়ী বাজার বণিক সমিতির সভাপতি ফজলুর রহমান বাদী হয়ে চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালতে নেওয়ার আগে সাংবাদিক মোর্শেদ খান বলেন, “আমরা স্থানীয় বিএনপির নেতাদের মাধ্যমে মবের শিকার হয়েছি। আমরা চাঁদাবাজি করিনি।” অন্যদিকে দারিয়াপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান বলেন, মাদকসেবীরা নিঃসন্দেহে অপরাধী; কিন্তু তাঁদের পুলিশের কাছে না দিয়ে কেন টাকা নেওয়া হলো। তাঁর দাবি, সাংবাদিকেরা চাঁদা নেওয়ার কথা স্বীকার করেছেন এবং চাঁদা হিসেবে নেওয়া আট হাজার টাকা তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত গ্রেপ্তার ব্যক্তিরা অভিযুক্ত হিসেবেই বিবেচিত হবেন।