সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে করা মামলার তিন সাক্ষীর মধ্যে দুজনই বলেছেন, এ বিষয়ে তাঁরা কিছুই জানেন না। কী ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁদের সাক্ষী করা হয়েছে, সে সম্পর্কেও তাঁদের কোনো ধারণা নেই।
রোববার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকায় গিয়ে মামলার ১ নম্বর সাক্ষী কালাম হোসেন (৭০) ও ২ নম্বর সাক্ষী হালিম হোসেনের (৫০) সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। দুপুরে ৩ নম্বর সাক্ষী লিটন হোসেনের (৩০) বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি; পরিবারের সদস্যরা জানান, তিনি মাঠে কাজ করতে গেছেন।
শনিবার বাগোয়ান টেনশন মোড় এলাকার কৃষক ইদ্রিস আলী (৬৭) বাদী হয়ে দৌলতপুর থানায় মামলাটি করেন। এতে আবদুল হালিম টমসহ (৫৫) অজ্ঞাতনামা আট–দশজনকে আসামি করা হয়েছে। এজাহারে গত বছরের ১৩ সেপ্টেম্বর ইদ্রিস আলীর বাড়ি ভাঙচুর, লুটপাট ও জমি দখলের অভিযোগ আনা হয়েছে।
১ নম্বর সাক্ষী কালাম হোসেন বলেন, ‘ইদ্রিস আলী বাদী হয়ে যে মামলাটি করেছেন, সে বিষয়ে আমি কিছুই জানি না। আজ জানতে পেরেছি, ওই মামলায় আমাকে ১ নম্বর সাক্ষী করা হয়েছে।’ তাঁর ভাষ্য, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর আগস্টের মাঝামাঝি সময়ে ইদ্রিস আলী গ্রাম ছেড়ে চলে যান। ২ নম্বর সাক্ষী হালিম হোসেন বলেন, সকালে তিনি জানতে পেরেছেন যে তাঁকে সাক্ষী করা হয়েছে। তিনি সরকারি চাকরি করেন, বাইরে থাকেন; মামলায় কী ঘটনার কথা বলা হয়েছে, তাও তিনি বলতে পারবেন না।
এজাহারে উল্লেখ করা বিরোধপূর্ণ জমিতে এখন গবাদিপশুর খাদ্য হিসেবে নেপিয়ার ঘাস চাষ করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, একসময় সেখানে ইদ্রিস আলী পরিবার নিয়ে বসবাস করতেন; আবদুল হালিমের ভাইয়েরা তাঁর কাছে জমিটি বিক্রি করেছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় ইদ্রিস আলী দলটির রাজনীতি করতেন এবং এলাকায় তাঁর প্রভাব ছিল বলেও স্থানীয়রা জানান।
সাক্ষীদের না জানার বিষয়ে জানতে চাইলে বাদী ইদ্রিস আলী বলেন, ‘আমি এত দিন ভয়ে কিছু বলতে পারিনি। এখন মনে হয়েছে, নিজেকে রক্ষা করতে মামলা করা দরকার। আমি আমার জমি ফিরে পেতে চাই।’ তাঁর দাবি, কেনা জমি নিয়ে হালিমের সঙ্গে বিরোধ চলছিল এবং তাঁদের অত্যাচারে তিনি এলাকা ছেড়ে অন্য গ্রামে বসবাস করছেন। ইদ্রিসের স্ত্রী মিনা খাতুনও জানান, কেনা জমি ফিরে পেতেই তাঁরা মামলা করেছেন। এর আগে অভিযোগ অস্বীকার করে নুসরাতের বাবা বলেছিলেন, মামলাটি ‘করানো হয়েছে’।