সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠলে আগামী তিন মাসের মধ্যে তদন্ত করে তাঁদের নিয়োগ পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় বস্তায় আদা চাষ ও অসময়ে নিরাপদ টমেটো চাষ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
সার সংকটের বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে মন্ত্রী বলেন, দেশে সারের কোনো সংকট নেই। পর্যাপ্ত সার বরাদ্দ দেওয়া হয়েছে এবং আগামী দিনের চাহিদা মেটানোর মতো মজুতও রয়েছে। তাঁর ভাষ্য, আগামী মাসে আরও বেশি সার বরাদ্দ দেওয়া হয়েছে, তাই ভবিষ্যতেও সংকট হবে না।
মন্ত্রী আরও বলেন, বিএনপি কৃষিপ্রেমী সরকার। দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সময় থেকেই কৃষিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে; সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলেও এ খাত অগ্রাধিকার পেয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
পরিদর্শন শেষে মন্ত্রী স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ, জেলা প্রশাসক আবু সালেহ মুসা জঙ্গী এবং কৃষি বিভাগ ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মন্ত্রী রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে তিন দিনের সরকারি সফরে আছেন।