মাদারীপুরের রাজৈরে দুই মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় উপজেলার কবিরাজপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর বয়স ২০ বছর। তাঁর বাবার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়। ঘটনার পর অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে সৌদি আরবপ্রবাসী যুবকের সঙ্গে পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়। বিয়ের পর স্বামীর পরকীয়া সম্পর্ক নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়। স্বজনদের অভিযোগ, এ নিয়ে গৃহবধূকে একাধিকবার মারধরও করা হয়েছিল।
পরিবারের দাবি, বুধবার সন্ধ্যায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা হয়। পরে তাঁকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত অবস্থায় পান। খবর পেয়ে স্বজনেরা হাসপাতালে ছুটে যান এবং মরদেহে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ হাসপাতাল থেকেই অভিযুক্ত স্বামীকে আটক করে। স্বজনেরা জানান, নিহত গৃহবধূ দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। হাসপাতাল এলাকায় স্বজনদের আহাজারিতে শোকাবহ পরিস্থিতি তৈরি হয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত ব্যক্তি এখনো দোষী সাব্যস্ত হননি।