বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

কক্সবাজারের সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ চারজন সিলেটের হোটেল থেকে গ্রেপ্তার

বুধবার ভোরে সিলেট নগরের জল্লারপাড়ের একটি আবাসিক হোটেলে প্রায় পাঁচ ঘণ্টার অভিযান শেষে তাঁদের গ্রেপ্তার করা হয়; টেকনাফসহ বিভিন্ন থানায় মামলা আছে।

কক্সবাজারের আলোচিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে ও ভাইসহ চারজনকে সিলেটে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোর পাঁচটার দিকে সিলেট নগরের জল্লারপাড় এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বদির ছেলে শাওন আরমান, ভাই আমিনুর রহমান, বদির সহযোগী আবদুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের অপর একটি ইউনিটের দেওয়া খবরের ভিত্তিতে হোটেলে অভিযান চালানো হয়। এরপর তাঁদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফসহ বিভিন্ন থানায় মামলা আছে; সেসব মামলার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত ১২টার দিকে সিলেট কোতোয়ালি মডেল থানার পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল হোটেলে যায়। রাত পৌনে একটার দিকে অভিযান শুরু হয়। হোটেলে অবস্থানকারীদের পরিচয় নিশ্চিত করতে পুলিশ সদস্যরা দীর্ঘ সময় যাচাই-বাছাই করেন। প্রায় পাঁচ ঘণ্টার অভিযান শেষে ভোর পাঁচটার দিকে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশের একটি সূত্র জানায়, সিলেটের সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার জন্য বদির ছেলে, ভাইসহ চারজন সিলেটে এসেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁদের সিলেটে আসার প্রকৃত কারণ জানার চেষ্টা করছে পুলিশ।

আবদুর রহমান বদি আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে এমপি নির্বাচিত হন। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর পরিবর্তে স্ত্রী শাহীন আক্তার দলীয় মনোনয়ন পেয়ে এমপি হন।