রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সরকারের অতিরিক্ত ব্যাংকঋণে বেসরকারি বিনিয়োগ বাধাগ্রস্ত, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্ন ৪.৪%: অর্থসচিব

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে অর্থসচিব বলেছেন, সরকারের ঋণ নেওয়ার একটি সীমা থাকা উচিত এবং সুদহার কমাতে হবে।

ব্যাংক খাত থেকে সরকারের অতিরিক্ত ঋণ নেওয়ার কারণে বেসরকারি খাত প্রয়োজনীয় অর্থায়ন থেকে বঞ্চিত হচ্ছে, ফলে শিল্প ও বিনিয়োগ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে—এমন মন্তব্য করেছেন অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. খাইরুজ্জামান মজুমদার। তাঁর ভাষ্য, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি এখন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, যা মাত্র ৪ দশমিক ৪ শতাংশ।

শনিবার সন্ধ্যায় নর্থ সাউথ ইউনিভার্সিটি ইয়াং এন্টারপ্রেনার সোসাইটি আয়োজিত ‘ইমপ্যাক্ট অব দ্য ন্যাশনাল বাজেট অন পাবলিক অ্যান্ড করপোরেট সেক্টর’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থসচিব বলেন, সরকার যখন বাণিজ্যিক ব্যাংক থেকে বিপুল ঋণ নেয়, তখন ব্যাংকগুলো বেসরকারি খাতে ঋণ দেওয়ার চেয়ে সরকারকে ঋণ দিতেই বেশি আগ্রহী হয়ে ওঠে। কারণ, সরকারকে ঋণ দিলে খেলাপি হওয়ার ঝুঁকি থাকে না এবং ঋণ আদায়ের জন্য আলাদা তদারকিও করতে হয় না। বেসরকারি খাতে ঋণ দিতে গেলে ঋণগ্রহীতার কার্যক্রম তদারক করতে হয় এবং খেলাপির ঝুঁকিও নিতে হয়। অর্থনীতিতে এই পরিস্থিতিকে ‘ক্রাউডিং আউট’ বলা হয় বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বর্তমানে ব্যাংকগুলো সরকারি ঋণ থেকেই অধিকাংশ মুনাফা করছে। এই প্রবণতা নিরুৎসাহিত করা দরকার এবং সরকারের ঋণ নেওয়ার একটি সীমা থাকা উচিত।

বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে দুটি পদক্ষেপের কথা বলেন অর্থসচিব। প্রথমত, ব্যাংক খাত থেকে সরকারের ঋণ গ্রহণ কমাতে হবে। দ্বিতীয়ত, ঋণের সুদহার কমাতে হবে। সরকার সরাসরি সুদহার নির্ধারণ করতে না পারলেও নীতি সুদহারের মাধ্যমে তা প্রভাবিত করার সুযোগ রয়েছে বলে তিনি জানান।

সেমিনারে সভাপতিত্ব করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের আজীবন সদস্য এম এ কাশেম।