চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার সুয়াবিল চুরখার হাট বাজারে একদল অস্ত্রধারী এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে গেছে। এতে ছয়জন আহত হয়েছেন। সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সুয়াবিল ইউনিয়নের এই বাজারে ঘটনাটি ঘটে।
আহতরা হলেন মোহাম্মদ হাশেম, মো. জামাল উদ্দিন, মো. শওকত, এনাম মুন্সী, মো. ইসমাইল হোসেন ও মো. ইউসুফ। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, রাত ৮টার দিকে সিএনজিচালিত একটি অটোরিকশায় একাধিক অস্ত্রধারী সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি হয়ে চুরখার হাট বাজারে আসে। তারা প্রথমে ফাঁকা গুলি ছোড়ে। এ সময় স্থানীয় লোকজন দুর্বৃত্তদের ধাওয়া করে ও আটক করার চেষ্টা করলে অস্ত্রধারীরা গুলি ছুড়তে থাকে। এতে ছয়জন আহত হন।
ঘটনার পরপরই স্থানীয়রা ধাওয়া করে জাবেদ নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালককে আটক করেন। খবর পেয়ে ভূজপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।
ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অস্ত্রধারীদের ধরতে অভিযান শুরু হয়েছে। গুলির কারণ ও হামলাকারীদের পরিচয় সম্পর্কে পুলিশ এখনো কিছু জানায়নি।