শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাব এসেছে সংবিধান সংশোধন কমিটির বৈঠকে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান বিশেষজ্ঞ ও সিনিয়র আইনজীবীদের সঙ্গে বৈঠক শেষে কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ বিরোধী দলকে কমিটির বৈঠকে এসে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

জাতীয় সংসদের স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাব দিয়েছেন অনেকে—সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানিয়েছেন। তিনি বলেন, বিচার বিভাগকে যুক্ত না করে বিরোধী দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে এ ব্যবস্থার কথা বিশেষজ্ঞ ও আইনজীবীদের অনেকেই বলেছেন।

শনিবার জাতীয় সংসদের কেবিনেট কক্ষে দেশের সংবিধান বিশেষজ্ঞ ও সিনিয়র আইনজীবীদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার নিয়ে বিশেষজ্ঞ ও বিশিষ্ট নাগরিকদের প্রস্তাব শুনতে কমিটি পর্যায়ক্রমে এ ধরনের বৈঠক করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে মূলত সংবিধানের ৭০ অনুচ্ছেদ, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, মৌলিক অধিকার সংরক্ষণ, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ পদ্ধতি এবং তত্ত্বাবধায়ক সরকার গঠনের নতুন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সঠিক প্রক্রিয়ায় সবার মতামত নিয়ে আলোচনার মাধ্যমেই সংবিধান সংশোধন করা হবে। তাঁর ভাষ্য, অতীতে আওয়ামী লীগ ক্ষমতা দীর্ঘায়িত করতে একদলীয় কায়দায় নিজেদের মতো সংবিধান সংশোধন করেছিল, কিন্তু জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার সেই পথে হাঁটবে না। গণভোটের আইনি প্রশ্ন নিয়ে বিতর্ক থাকলেও জনগণের রায়কে তাঁরা সম্মান করেন বলে জানান তিনি। ভবিষ্যতে আবার গণভোট হলে তা সংবিধান সংস্কার সম্পর্কিত হবে বলেও উল্লেখ করেন।

সংবিধান সংস্কারে বিরোধী দলের অংশগ্রহণ অত্যন্ত জরুরি বলে মন্তব্য করে কমিটির সভাপতি বলেন, বিরোধী দল যদি চায় যে বিএনপি তাদের দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ শিথিল করুক, তবে তাদের কমিটির বৈঠকে এসে আনুষ্ঠানিক প্রস্তাব দিতে হবে। ঐতিহাসিক এই প্রক্রিয়ায় বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ তাঁরা চান।