জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পর সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৭ দশমিক ৭৮ শতাংশ বেতন বাড়ানো হয়েছে। গত ১৫ নভেম্বর জারি করা ‘যৌথ বাহিনী নির্দেশাবলি ০১/২০২৬’ (জেএসআই ০১/২০২৬) অনুযায়ী সশস্ত্র বাহিনীর সদস্যদের সর্বনিম্ন মূল বেতন ৯ হাজার টাকা থেকে বেড়ে ২১ হাজার ৪০০ টাকা হয়েছে। জাতীয় বেতন স্কেলে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।
নতুন কাঠামোয় এ বেতন পর্যায়ক্রমে বেড়ে সর্বোচ্চ ৫১ হাজার ৯০০ টাকা পর্যন্ত উন্নীত হবে। বাহিনীপ্রধানদের মূল বেতন ৮৬ হাজার টাকা থেকে দ্বিগুণ হয়ে ১ লাখ ৭২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ১০ বছর আগে জারি করা জেএসআই ০১/২০১৬ অনুযায়ী সদস্যদের বেতন-ভাতা নির্ধারিত হতো।
নির্দেশাবলি অনুযায়ী ল্যান্স করপোরালের প্রারম্ভিক মূল বেতন ২৩ হাজার ৫০০ টাকা, করপোরালের ২৮ হাজার টাকা, ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার টাকা, সিনিয়র ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার ৫০০ টাকা এবং মাস্টার ওয়ারেন্ট অফিসারের ৪৫ হাজার ৫০০ টাকা। মাস্টার ওয়ারেন্ট অফিসারের মূল বেতন ২২ হাজার ৫০০ টাকা থেকে বেড়েছে ১০২ দশমিক ২২ শতাংশ। অনারারি লেফটেন্যান্টের মূল বেতন ৭৬ হাজার ৯৬০ টাকা ও অনারারি ক্যাপ্টেনের ৮৫ হাজার ৭৫০ টাকা।
বাস্তবায়নে সৈনিক ও নিম্ন বেতন স্কেলের সদস্যদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রথম ধাপে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেতন ৪০ শতাংশ বাস্তবায়ন হলেও সৈনিক ও সার্জেন্টদের ক্ষেত্রে ৫০ শতাংশ বাস্তবায়ন করা হয়েছে। অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে ন্যূনতম নিট পেনশন ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এবং বয়সভেদে চিকিৎসাভাতা ৩ হাজার থেকে ৪ হাজার টাকা করা হয়েছে। চারটি নতুন ভাতাও যুক্ত হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অফিসার বনাম সৈনিক’ বেতনবৈষম্যের যে অভিযোগ তোলা হচ্ছে, তা বিভ্রান্তিকর; কারণ আগের কাঠামোর ধারাবাহিকতাই বজায় রাখা হয়েছে এবং সৈনিকদের বেতনবৃদ্ধির হার বেশি। জনপ্রশাসনসহ অন্যান্য খাতেও সর্বোচ্চ ও সর্বনিম্ন পর্যায়ের বেতনের ব্যবধান রয়েছে বলে তাঁরা উল্লেখ করেন।