মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির মধ্যে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েছিলেন মো. আলমগীর হোসেন (৪৬)। দুই দিন নিখোঁজ থাকার পর শনিবার সকালে রজত রেখা নদীতে তাঁর লাশ ভেসে ওঠে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ উদ্ধার করে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শনিবার সকাল সাতটার দিকে ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন। তখন স্থানীয় লোকজন নদীতে একটি লাশ ভেসে ওঠার খবর দেন। পরে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টা ২৭ মিনিটে চৈতারচর গ্রামে রজত রেখা নদীতে নিখোঁজ হন আলমগীর। বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন নদীতে অভিযান চালানো হয়।
আলমগীর মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামের বাসিন্দা। তাঁর তিন মেয়ে ও এক ছেলে আছে। স্বজনেরা দাবি করেছেন, তিনি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেনের পক্ষের লোক ছিলেন। একই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সেলিম মোল্লা (৪৬) নামের একজন মারা গেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুটি পক্ষ আছে। এক পক্ষের নেতৃত্বে আছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ রায়হান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও প্রবাসী নেতা রহিম মোল্লা। অন্য পক্ষে আছেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উজির আহমেদ ও আওলাদ হোসেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওলাদ হোসেন ও রহিম মোল্লা চেয়ারম্যান পদে প্রার্থী হবেন বলে জানা গেছে।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, আধিপত্য বিস্তার ও আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আলমগীর নিখোঁজ হয়েছিলেন। লাশের সুরতহাল করলে তাঁর শরীরে কোনো ক্ষতচিহ্ন আছে কি না, তা বোঝা যাবে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।