জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আজ নতুন ও সংশোধিত ২১টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বুধবার সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেকের সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা। পরিকল্পনা বিভাগের প্রকাশিত সভার নোটিশে এ তথ্য জানানো হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে এটি একনেকের সপ্তম সভা।
নোটিশ অনুযায়ী, ২১টি প্রকল্পের মধ্যে ১৪টি নতুন, পাঁচটি সংশোধিত এবং দুটির মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৬৬৭ কোটি ৮৮ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৪ হাজার ২৩২ কোটি ৭২ লাখ টাকা, বৈদেশিক প্রকল্প ঋণ ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল ১০ কোটি টাকা।
সবচেয়ে বড় প্রস্তাব স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ’ মেগা প্রকল্প। আট বিভাগের ৪৮ জেলার ১২৫টি উপজেলায় মোট ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে এতে। সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়নের জন্য প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা। অনুমোদন পেলে চলতি বছর কাজ শুরু করে ২০৩১ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনা কমিশন যাচাই-বাছাই শেষে প্রকল্পটি অনুমোদনের সুপারিশ করেছে।
নতুন প্রকল্পের মধ্যে রয়েছে ঢাকা ওয়াসার দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্পের প্রথম ধাপ। এর আওতায় গুলশান, বনানী ও বারিধারার পয়ঃবর্জ্য দাশেরকান্দি শোধনাগারে নিতে ১৪০ কিলোমিটার পয়ঃলাইন নির্মাণ করা হবে। গণগ্রন্থাগার অধিদফতরের বহুতল ভবন নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনীতে ২৭ কোটি ৬৫ লাখ টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাবও রয়েছে।
এ ছাড়া পরিকল্পনামন্ত্রী কর্তৃক অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১৪টি ছোট ও মাঝারি প্রকল্প সভায় অবগতির জন্য উপস্থাপন করা হবে। এর মধ্যে রয়েছে কুমিল্লার মুরাদনগরে আর্চি ও বুড়ি নদী পুনঃখনন এবং জগন্নাথপুর ও মোহনগঞ্জে দুটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনের প্রকল্প।