মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

ঘন কুয়াশায় আড়াই ঘণ্টা বন্ধ ছিল দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ, আটকা পড়ে ছয় ফেরি

রোববার রাত থেকে পদ্মা-যমুনায় নৌপথের বিকন বাতি ও বয়া দৃষ্টিসীমার বাইরে চলে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি।

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আড়াই ঘণ্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। সোমবার সকাল ৫টা ৪০ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে নৌযান চলাচল আবার শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সূত্র জানায়, রোববার রাত ৩টা ১০ মিনিটে পদ্মা-যমুনা নদীতে ঘন কুয়াশায় নৌপথের বিকন বাতি ও বয়া দৃষ্টিসীমার বাইরে চলে যায়। দুর্ঘটনা এড়াতে তখন ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এ সময় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের মাঝনদীতে দুটি এবং দৌলতদিয়া ঘাটে চারটি ফেরি আটকা পড়ে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রী ও যানবাহনের চালকদের ভোগান্তিতে পড়তে হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, শীত মৌসুমে রাতে প্রায়ই ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ এ নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখতে হয়। কুয়াশার ঘনত্ব কমে এলে নৌযান চলাচল আবার স্বাভাবিক করা হয়।