কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের তিন গ্রামের মানুষ সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজেদের অর্থায়নে নদীর ওপর প্রায় এক কোটি টাকা ব্যয়ে একটি স্টিলের সেতু ও সংযোগ সড়ক নির্মাণ করছেন। বন্নী নদীর ওপর নির্মীয়মাণ এই সেতু পংধূলন, হরিপুর ও গল্লী গ্রামের প্রায় আট হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমাবে বলে আশা করছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রায়টুটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এই তিন গ্রামের মানুষের চলাচলের পথে দীর্ঘদিনের বাধা ছিল বন্নী নদী। নদী পারাপারে প্রতিদিনই ভোগান্তিতে পড়তে হতো শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ কয়েক গুণ বেড়ে যেত। গবাদিপশু নিয়ে চলাচল এবং কৃষিপণ্য পরিবহনেও নানা ঝামেলা পোহাতে হতো।
এ অবস্থায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে গ্রামবাসী নিজেরাই সেতু নির্মাণের উদ্যোগ নেন। স্থানীয়দের ভাষ্য, সাবেক ছাত্রদল নেতা মিজানের উদ্যোগে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে সম্মিলিতভাবে এই কাজ শুরু হয়। চলতি বছর শুরু হওয়া নির্মাণকাজে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজেদের সামর্থ্য অনুযায়ী অর্থ দিয়ে সহযোগিতা করছেন। সেতু ও সংযোগ সড়ক নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় এক কোটি টাকা। কোনো সরকারি বরাদ্দ ছাড়াই গ্রামবাসীর অর্থায়নে নির্মাণকাজ এগিয়ে চলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সেতুটি নির্মিত হলে তিন গ্রামের মানুষের যাতায়াত অনেক সহজ হবে। বিশেষ করে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত সহজ হবে বলে তাঁরা আশা করছেন। সেতুর কাজ কবে নাগাদ শেষ হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।