রাজশাহী মহানগরে স্বামীর সঙ্গে অটোরিকশায় যাওয়ার পথে এক নারীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) এয়ারপোর্ট থানার সদস্যরা। ঘটনার প্রায় তিন সপ্তাহ পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও ভুক্তভোগী দম্পতির শনাক্তের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ওই নারী স্বামীর সঙ্গে অটোরিকশায় মোহনপুর উপজেলার ধুরইল গ্রামে যাচ্ছিলেন। পথে নগরের এয়ারপোর্ট থানা এলাকার তকিপুরে সিভিল এভিয়েশন স্কুলের পশ্চিম পাশে রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাঁর হাত থেকে ব্যাগটি টান দিয়ে নিয়ে পালিয়ে যান। ব্যাগে এক জোড়া স্বর্ণের বালা, দুটি স্বর্ণের চেইন, একটি আংটি, একটি মুঠোফোন ও নগদ ৬৫ হাজার টাকা ছিল।
ঘটনায় মামলা হলে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ পর্যালোচনা ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ছিনতাইয়ে জড়িতদের শনাক্ত করা হয়। পরে ৫ নভেম্বর বিকেল ৩টার দিকে কর্ণহার থানা পুলিশের সহায়তায় দর্শনপাড়া গ্রামের তিন রাস্তার মোড় থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ভুক্তভোগী দম্পতিও তাঁদের শনাক্ত করেন। গ্রেপ্তার দুজন হলেন কর্ণহার থানার ঘোষপুকুর গ্রামের আরিফুল ইসলাম ওরফে আকাশ (২৩) ও সুন্দলপুর গ্রামের হাসিবুর রহমান (২০)।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ছিনতাইয়ের সময় আরিফুল মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং হাসিবুর পেছনে বসা ছিলেন। অভিযুক্তদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ে ব্যবহৃত ১৫০ সিসির একটি ডিসকভার মোটরসাইকেল ও একটি হেলমেট জব্দ করা হয়েছে। ছিনতাইয়ের সময় যোগাযোগে ব্যবহৃত দুটি মুঠোফোনও উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার রহস্য উদ্ঘাটন ও লুণ্ঠিত স্বর্ণালংকার, মুঠোফোন ও নগদ টাকা উদ্ধারে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে। উদ্ধারে অভিযান অব্যাহত আছে।