রাজশাহীতে প্রথমবারের মতো তাফসিরুল মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ইসলামি আলোচক শায়খ ড. মিজানুর রহমান আজহারী। আগামী ২৮ নভেম্বর, শনিবার রাজশাহীতে দিনব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় নগরের নানকিং দরবার হলে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহফিলের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন আয়োজক সংগঠন ওলামা মাশায়েখ পরিষদের নেতারা। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৮ নভেম্বর দুপুর ২টা থেকে মাহফিলের কার্যক্রম শুরু হবে।
আয়োজকেরা প্রত্যাশা করছেন, মাহফিলে কয়েক লাখ মানুষের সমাগম হবে। তাঁদের দাবি, এটি রাজশাহীর অন্যতম বৃহৎ তাফসিরুল মাহফিলে পরিণত হতে পারে।
ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা রুহুল আমীন বলেন, মাহফিল সফলভাবে আয়োজনের লক্ষ্যে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। শৃঙ্খলা বজায় রাখতে নারী ও পুরুষের জন্য আলাদা বসার ব্যবস্থা রাখা হবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আয়োজকদের আলোচনা হয়েছে এবং তারা সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে। মাহফিল সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠনের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। মাহফিলের স্থান ও অন্যান্য প্রস্তুতির বিষয়ে আয়োজকেরা পরবর্তী সময়ে জানাবেন বলে আশা করা যাচ্ছে।