আগামী বছরের ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি পাঠিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এই চিঠির মাধ্যমে নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।
গত ৬আগষ্ট বুধবার প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বরাবর পাঠানো চিঠিতে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। তিনি চিঠিতে উল্লেখ করেন, ওই সময়ে যেন একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হয়। এর একদিন আগে, গত ৫ আগস্ট "জুলাই গণঅভ্যুত্থান দিবস"-এ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এই চিঠি প্রদানের ঘোষণা দেন। আজকের চিঠি সেই ঘোষণার ধারাবাহিকতায় পাঠানো হলো। চিঠিতে আরও বলা হয়, নাগরিকদের বিগত ১৫ বছর ভোটাধিকার প্রয়োগ করতে না পারার প্রেক্ষাপটে, আসন্ন নির্বাচন যেন একটি "মহা-আনন্দের ভোট উৎসব" হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে—প্রধান উপদেষ্টা এ বিষয়ে জোর দিয়েছেন।
ভাষণে তিনি উল্লেখ করেছেন, এই নির্বাচন যেন হয়— আনন্দ-উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল, উচ্চ ভোটার উপস্থিতিসম্পন্ন, ভ্রাতৃত্বপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত, এবং প্রযুক্তিনির্ভর ও গ্রহণযোগ্য।
চিঠির শেষাংশে, প্রধান উপদেষ্টার এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশনকে অবিলম্বে প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানানো হয়, এবং সরকার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়।