বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লিজে নেওয়া ১৫ বছরের পুরোনো দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ লিজের মেয়াদ শেষে কিনে নেওয়া এবং পরে সেগুলোর পরিচালন ব্যয়সহ সংশ্লিষ্ট কার্যক্রমে সরকারি অর্থের অপচয়ের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটি। ওই ক্রয় ও সংশ্লিষ্ট সিদ্ধান্তের সঙ্গে জড়িত তৎকালীন পরিচালনা পর্ষদ ও ক্রয় কমিটির সদস্যদের তালিকা আগামী ১৫ দিন থেকে এক মাসের মধ্যে কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির ষষ্ঠ বৈঠকের অগ্রগতি পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে বিমানের পূর্ববর্তী বৈঠকের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতির পাশাপাশি বিভিন্ন অডিট আপত্তি, উড়োজাহাজ ক্রয় ও পরিচালনায় অনিয়ম, রিজার্ভেশন ও প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেমের দুর্বলতা, রাজস্ব আদায়ে অনিয়ম এবং লোকসানি রুট পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বলা হয়, বিমানের ক্রয়নীতিমালায় পুরোনো উড়োজাহাজ কেনার সুযোগ না থাকলেও লিজে নেওয়া দুটি উড়োজাহাজ কিনে নেওয়া হয়েছে। এ ছাড়া লিজের এই দুটি উড়োজাহাজের ব্যয়সংক্রান্ত চুক্তি ও বিলের নথিপত্র নিরীক্ষকদের কাছে উপস্থাপন করা যায়নি; আগামী ১৫ দিনের মধ্যে সব নথি নিরীক্ষকদের কাছে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিমান কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে তা জমা দেওয়ার অঙ্গীকার করেছে।
অডিটের তথ্য অনুযায়ী, ডিপার্চার কন্ট্রোল সিস্টেম ও র্যাপিড সফটওয়্যারের দুর্বলতায় বিপুল রাজস্ব ক্ষতি হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদের ইকোনমি ক্লাস থেকে বিজনেস ক্লাসে উন্নীত করে অতিরিক্ত অর্থ আদায় করা হলেও তা বিমানের হিসাবব্যবস্থায় জমা হয়নি। এ ধরনের অনিয়ম ও রাজস্ব ফাঁকি রোধে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় থেকে বিমানে পূর্ণাঙ্গ তথ্যপ্রযুক্তি অডিট শুরু হয়েছে। গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সব তথ্য নিরীক্ষকদের দিতে বিমান কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
যথাযথ বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই ছাড়া পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে বিভিন্ন রুট চালু করায় আর্থিক ক্ষতির বিষয়টিও অডিটে উঠে এসেছে। এ বিষয়ে পর্ষদের সিদ্ধান্তের নথি এবং প্রতিটি রুটের আয়-ব্যয়ের তথ্যসহ প্রতিবেদন কমিটিকে দিতে বলা হয়েছে। প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান স্যাবরের সঙ্গে চুক্তির সবকিছু সরবরাহ না করেও সম্পূর্ণ অর্থ পরিশোধ করা হয়েছে বলে বৈঠকে উঠে আসে; এ বিষয়ে বিমান কর্তৃপক্ষ ও অডিট বিভাগকে সাত দিনের মধ্যে যৌথভাবে লিখিত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কোভিডকালে ঢাকা-গুয়াংজু রুটে পরিচালিত চার্টার্ড কার্গো ফ্লাইটের ভাড়া কম দেখিয়ে অতিরিক্ত অর্থ কোষাগারে জমা না দেওয়ার অভিযোগ নিয়ে অডিট আপত্তিও পর্যালোচনা করা হয়। এ বিষয়ে এক মাসের মধ্যে অভ্যন্তরীণ তদন্ত শেষ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে। বৈঠকে আরও তুলে ধরা হয়, ১৯৯৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বিমানের ১১১টি অনিষ্পন্ন অডিট আপত্তিতে প্রায় ৭৫৩ কোটি ৫০ লাখ টাকা জড়িত।