ভাঙ্গায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে ৭ লাখ টাকা ছিনতাই: অজ্ঞান অবস্থায় উদ্ধার
ফরিদপুরের ভাঙ্গা বাজারে জমি কেনার জন্য ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
ফরিদপুরের ভাঙ্গা বাজারে জমি কেনার জন্য ব্যাংক থেকে সাত লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে এক কাপড় ব্যবসায়ীকে অপহরণ করে টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর-ভাঙ্গা-খুলনা মহাসড়কের চরাবটতলা এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, মনসুরাবাদ গ্রামের বাসিন্দা মো. মেহেদী হাসান জমি কেনার জন্য ভাঙ্গা বাজারের পূবালী ব্যাংক শাখা থেকে সাত লাখ টাকা উত্তোলন করেন। এরপর তিনি একটি অটোরিকশায় করে বাড়ির পথে রওনা হন। চরাবটতলা এলাকায় পৌঁছালে একটি সাদা প্রাইভেটকার তার অটোরিকশার গতিরোধ করে। সেখান থেকে চারজন ব্যক্তি নেমে নিজেদের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পরিচয় দিয়ে মেহেদীকে ‘মাদক ব্যবসায়ী’ আখ্যা দেন।
মেহেদী প্রতিবাদ করলে তারা তাকে হাতকড়া পরিয়ে মারধর শুরু করে। একপর্যায়ে তার মুখে কাপড় গুঁজে অস্ত্রের মুখে প্রাইভেটকারে তুলে নেয়। গাড়ির ভেতরেই তিনি জ্ঞান হারান। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার পুলিয়া গাবতলি এলাকায় একটি ঝোপের মধ্যে অজ্ঞান অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরে তাকে ভাঙ্গা থানায় এবং সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়।
ভুক্তভোগী মেহেদী হাসান অভিযোগ করেন, “ডিবি পরিচয়ে আমাকে গাড়িতে তুলে পিটিয়ে জ্ঞান হারিয়ে ফেলা হয়। আমার কাছে থাকা জমি কেনার সাত লাখ টাকা নিয়ে তারা এক্সপ্রেসওয়ের পাশে ঝোপের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়।”
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, “রোববার ভাঙ্গায় ডিবি পুলিশের কোনো দল অভিযানে যায়নি। ডিবি পরিচয়ে ছিনতাইয়ের ঘটনাটি আমরা শুনেছি।” ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) খালেদ হোসেন বলেন, “হ্যান্ডকাফ পরিয়ে টাকা ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ তদন্তে নেমেছে। ব্যাংক থেকে বের হওয়ার পর থেকে কেউ ভুক্তভোগীকে অনুসরণ করেছিল কি না এবং এর পেছনে সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। খুব শিগগিরই জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।”