বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নেত্রকোনার মোহনগঞ্জে আগুনে পুড়ে গেছে দুই কৃষক ভাইয়ের দুটি বসতঘর, ক্ষতি ১৫ লাখ টাকার দাবি

সোমবার রাতে হাছলা গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা; এক প্রতিবেশীর ঘরও আংশিক পুড়েছে।

নেত্রকোনার মোহনগঞ্জে এক রাতের অগ্নিকাণ্ডে দুই কৃষকের তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া আর কিছুই বাঁচাতে পারেননি দুই ভাইয়ের পরিবার।

সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মোহনগঞ্জ উপজেলার ৫ নম্বর সমাজ সহিলদেও ইউনিয়নের হাছলা গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানান, আব্দুল আজিজের দুই ছেলে কৃষক মোস্তাকিম (৪০) ও মোজাম্মেল হকের (৪২) দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। পাশের প্রতিবেশী শহীদ মিয়ার একটি বসতঘরও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিসের ধারণা, ঘরের চালের ওপর থাকা বৈদ্যুতিক লাইনে শর্টসার্কিট থেকে স্পার্ক হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

কান্নাজড়িত কণ্ঠে মোস্তাকিম মিয়া বলেন, দুই ভাইয়ের আর কিছুই অবশিষ্ট নেই। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘর থেকে কাপড়চোপড়সহ কিছুই বের করা যায়নি। তাঁর ভাষ্য, ঘর দুটির মেঝে ছিল সিমেন্টের ঢালাই এবং প্রতিটি ঘর বানাতে প্রায় পাঁচ লাখ টাকা খরচ হয়েছিল। ঘরে নগদ টাকা, চাল-ডাল ও জমির কাগজপত্রসহ সংসারের প্রয়োজনীয় সবকিছু ছিল। সব মিলিয়ে তাঁদের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। সন্তানদের নিয়ে এখন কোথায় থাকবেন, কীভাবে সংসার চালাবেন, তা বুঝতে পারছেন না বলে জানান তিনি।

মোহনগঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ মো. হুমায়ুন কবির খান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক হিসাবে প্রায় আড়াই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানান তিনি।