রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

অস্বাভাবিক লেনদেনের কারণে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ বা স্থগিত

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের পরামর্শে ব্যবস্থা নেওয়া হয়েছে; কত দিন বন্ধ থাকবে তা জানা যায়নি।

অস্বাভাবিক লেনদেনের কারণে গোপালগঞ্জ জেলায় লক্ষাধিক মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট বন্ধ বা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরামর্শে এসব অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, অস্বাভাবিক লেনদেনের কারণে গোপালগঞ্জ জেলায় লক্ষাধিক অ্যাকাউন্ট বন্ধ বা স্থগিত রাখা হয়েছে। তবে অ্যাকাউন্টগুলো কত দিন বন্ধ থাকবে এবং কবে নাগাদ আবার চালু হতে পারে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

গত ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা গোপালগঞ্জে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ রয়েছে। কয়েক দিনের ব্যবধানে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। সড়ক অবরোধ করে গোপালগঞ্জের সঙ্গে সারা দেশের যোগাযোগও বন্ধ করে দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তখন বলপ্রয়োগ করেনি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় উসকানি ও অর্থায়ন করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এমন পরিস্থিতিতে গত বুধবার জেলায় এমএফএস সেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়। ফলে জেলার বাসিন্দারা বিকাশ, নগদের মতো মোবাইল আর্থিক সেবা ব্যবহার করতে পারছেন না। অ্যাকাউন্ট বন্ধ বা স্থগিতের এ সিদ্ধান্ত নিয়ে ব্যবহারকারীদের জন্য কোনো বিকল্প ব্যবস্থার কথা এখনো জানানো হয়নি।