সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সাটুরিয়ায় সার বিতরণের সময় উপসহকারী কৃষি কর্মকর্তাকে ধাক্কার অভিযোগ, কৃষি বিভাগের ভিন্ন ভাষ্য

সার শেষ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ কৃষকদের একজন ধাক্কা দিয়েছেন বলে জানিয়েছেন আরিফুল ইসলাম; উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, লাঞ্ছনার ঘটনা ঘটেনি।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সার বিতরণের সময় এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তবে উপজেলা কৃষি বিভাগ বলছে, তিনি লাঞ্ছিত হননি; সার নিতে এসে কয়েকজন কৃষকের সঙ্গে শুধু বাগ্‌বিতণ্ডা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার দরগ্রাম ইউনিয়নের দরগ্রাম বাজারে বাবুল ট্রেডার্স নামের একটি সার বিক্রির দোকানের সামনে ঘটনাটি ঘটে। উপজেলা কৃষি বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই দোকানে কৃষকদের মধ্যে সার বিতরণ শুরু হয়। বরাদ্দের তুলনায় কৃষকদের উপস্থিতি ছিল অনেক বেশি। ফলে দীর্ঘ সারিতে অপেক্ষারত কৃষকদের সার দেওয়ার আগেই মজুত শেষ হয়ে যায়। বিষয়টি জানানোর পর কয়েকজন ক্ষুব্ধ কৃষক উত্তেজিত হয়ে ওঠেন এবং তাঁদের একজন উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলামকে ধাক্কা দেন বলে জানা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম। তাঁরা পরিস্থিতি শান্ত করেন।

আরিফুল ইসলাম বলেন, সার নিতে দীর্ঘ সারি হওয়ায় কয়েকজন কৃষক বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন। শৃঙ্খলা বজায় রাখতে বললে তাঁকে লাঞ্ছিত করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানতে তিনি উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

তানিয়া তাবাসসুম বলেন, ওই ইউনিয়নের জন্য বরাদ্দ ৬৬০ বস্তা ডিএপি সার বিতরণের পর আবার ৮০০ বস্তা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে গত মাসে ৩০০ বস্তা বিতরণ করা হয় এবং বাকি ৫০০ বস্তা এদিন বিতরণ করা হয়। এরপরও চাহিদা বেশি থাকায় সার না পেয়ে কয়েকজন কৃষকের সঙ্গে উপসহকারী কৃষি কর্মকর্তার বাগ্‌বিতণ্ডা হয়। কৃষকদের সুবিধার্থে আগামী মাসের সার আগাম উত্তোলনের বিষয়টি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালককে জানানো হয়েছে বলেও তিনি জানান।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাজাহান সিরাজ বলেন, তিনি জেনেছেন সংশ্লিষ্ট কর্মকর্তাকে লাঞ্ছিত করা হয়নি, তাঁর সঙ্গে কয়েকজন অসৌজন্যমূলক আচরণ করেছেন। সেখানে সারের কোনো সংকট নেই বলেও তিনি দাবি করেন।