নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদী থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ নয়জনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়।
বৃহস্পতিবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত হাতিয়া থানাধীন চর গাসিয়া সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া।
অভিযানের সময় একটি সন্দেহজনক কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা সিমেন্ট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা। বোটসহ ৯ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা লক্ষ্মীপুরের আলেকজান্ডার, নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর এবং চট্টগ্রামের মিরসরাই এলাকার বাসিন্দা বলে কোস্ট গার্ড জানিয়েছে। জব্দ সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে জানান, এ ঘটনায় কোস্ট গার্ডের ক্যাম্প কমান্ডার বাদী হয়ে থানায় মামলা করেছেন এবং আটক ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। কোস্ট গার্ড জানিয়েছে, চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।