সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানের বিচার: সাক্ষীকে হুমকি ও ককটেল নিক্ষেপের অভিযোগ, নিরাপত্তায় থানাকে নির্দেশ ট্রাইব্যুনালের

আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলার ১৩তম সাক্ষী নিরাপত্তাহীনতার কথা জানালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সংশ্লিষ্ট থানাকে ব্যবস্থা নিতে বলেছে।

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার এক সাক্ষী হুমকি ও হামলার অভিযোগ তুলেছেন। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য গ্রহণ ও আসামিপক্ষের জেরা শেষে তিনি নিজের নিরাপত্তাহীনতার কথা জানান। পরে প্রসিকিউশন লিখিত আবেদন করলে ট্রাইব্যুনাল সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেওয়ার কথা জানান।

মামলার ১৩তম সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী এস এম সায়েম। তিনি ট্রাইব্যুনালকে জানান, রাজধানীর মিরপুর-২ নম্বরে তাঁর বাসার সামনে সম্প্রতি এক ব্যক্তি তাঁকে উদ্দেশ করে অশালীন ভাষায় গালিগালাজ করেছেন। অচেনা কয়েকজনকে মোটরসাইকেল নিয়ে বাসার সামনে অবস্থান করতে দেখা গেছে এবং বিভিন্ন লোক তাঁর সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। এ ছাড়া বিদেশ থেকে ফোন করেও তাঁকে গালিগালাজ ও হুমকি দেওয়া হচ্ছে বলে তাঁর অভিযোগ।

নিজের ওপর হামলার বিবরণ দিয়ে সায়েম বলেন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে তাঁকে লক্ষ্য করে দুটি ককটেল ছোড়া হয়। একটি তাঁর সামনে পড়ে, অন্যটি পড়ে প্রায় ১০ ফুট দূরে। বিস্ফোরণের পর দুর্বৃত্তরা মোটরসাইকেলে পালিয়ে যায়। তিনি নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সাক্ষীর বক্তব্য শুনে ট্রাইব্যুনাল বলেন, শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না, সবারই দায়িত্ব আছে; যাঁরা আইন ভঙ্গ করেছেন, তাঁদের বেঁধে ফেলার দায়িত্বও সবার। আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী বলেন, তাঁর মক্কেলরা কারাগারে আছেন। সাক্ষী এত দিন সাক্ষ্য দিয়েছেন, তখন কোনো নিরাপত্তাহীনতার অভিযোগ করেননি; সাক্ষ্য শেষ হওয়ার পরই তিনি এ অভিযোগ তুলছেন। দুপুরের বিরতির পর বেলা আড়াইটায় কার্যক্রম শুরু হলে প্রসিকিউশনের পক্ষ থেকে সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করার লিখিত আবেদন করা হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল জানান, সংশ্লিষ্ট থানাকে নির্দেশনা দেওয়া হবে। প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, এ ব্যবস্থা নিলেই চলবে।

এদিন জেরা চলার সময় প্রসিকিউশনের এক সদস্যের ‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ আছে’ মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে বাগ্‌বিতণ্ডাও হয়। সাক্ষীর অভিযোগ নিয়ে এখনো কোনো গ্রেপ্তার বা পুলিশি তদন্তের তথ্য জানা যায়নি।