দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। কুয়াশার দাপট কমে যাওয়ায় দিনের বেলা ঝলমলে রোদ থাকলেও রাতভর ঠান্ডা অনুভূত হচ্ছে। রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, এটি এ মৌসুমের এবং সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। সকাল সকাল রোদ ওঠায় মানুষের মধ্যে কিছুটা স্বস্তি এসেছে।
পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, শনিবার সকালে তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
অগ্রহায়ণ মাসের শুরু থেকেই পঞ্চগড়ে মেঘলা আকাশ, কুয়াশা ও উত্তরের ঝিরিঝিরি বাতাসে শীত অনুভূত হচ্ছিল। বিকেল হলেই এলাকার বাসিন্দাদের গরম কাপড় গায়ে জড়িয়ে বের হতে হচ্ছে, রাতে কাঁথা-কম্বল গায়ে ঘুমাতে হচ্ছে। এক সপ্তাহ ধরে মেঘ ও কুয়াশা থাকলেও রোববার আকাশ পরিষ্কার ছিল। উত্তরের আকাশ মেঘমুক্ত হওয়ায় এদিন পঞ্চগড় থেকে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা আবার দেখা গেছে।
পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় জমিতে গরু দিয়ে হালচাষ করছিলেন কৃষক মো. শাহাজউদ্দিন। তিনি বলেন, রাতে বেশ ঠান্ডা ছিল; সকালে চকচকে রোদ উঠলেও উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস আসছে।