সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

আইসিজের রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ডের সমর্থন চাইল বাংলাদেশ

ঢাকায় থাই রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে অব্যাহত সহযোগিতা চেয়েছেন; চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশিদের মাল্টিপল-এন্ট্রি ভিসার অনুরোধও জানানো হয়েছে।

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) গণহত্যাবিষয়ক ঐতিহাসিক রায়ের প্রেক্ষাপটে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে থাইল্যান্ডের অব্যাহত সমর্থন চেয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি রোববার ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ অনুরোধ জানান। ‘দ্য গাম্বিয়া বনাম মিয়ানমার’ মামলায় গত ১৯ নভেম্বর আইসিজের দেওয়া রায়ের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় থাইল্যান্ডের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রদূত এ বিষয়ে তাঁর দেশের পক্ষ থেকে অব্যাহত সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।

সাক্ষাতে দুই পক্ষ দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করে এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। দ্বিপক্ষীয় সহযোগিতাকে নতুন উচ্চতায় নিতে ২০২৭ সালে উচ্চপর্যায়ের সফরের আয়োজন করা প্রয়োজন বলে মত দেন হুমায়ুন কবির। এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণে থাইল্যান্ড বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রতিমন্ত্রী বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়া রোগীদের প্রতি দেশটির সহায়তার প্রশংসা করেন। যেসব বাংলাদেশি রোগীকে বারবার চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে হয়, তাঁদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা সহজ করতে তিনি থাই সরকারের প্রতি অনুরোধ জানান। এ বিষয়েও রাষ্ট্রদূত আশ্বাস দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।