সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও গুরুতর আহত হওয়ার ঘটনা প্রতিরোধযোগ্য হলেও পাঁচ থেকে ২৯ বছর বয়সীদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ এটি। সড়কে প্রাণহানি কমাতে দ্রুত একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য, নীতিনির্ধারক ও সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞরা।
রোববার সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের স্মরণ দিবস উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের যৌথ আয়োজনে আলোচনা সভা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় নিহত হন পাঁচ হাজার ৩০৫ জন, ২০২৪ সালে পাঁচ হাজার ৪৮০ জন এবং ২০২৫ সালে পাঁচ হাজার ৪৮৯ জন। তিন বছরে মোট প্রাণ হারিয়েছেন ১৬ হাজার ২৭৪ জন।
প্রধান অতিথির বক্তব্যে পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, সরকার একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করবে। আইন কার্যকর হলে আহতদের দ্রুত উদ্ধার ও চিকিৎসা এবং উদ্ধারকাজে এগিয়ে আসা ব্যক্তিদের আইনি সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। পরিবহনশ্রমিকদের প্রশিক্ষণ, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার বিষয়েও গুরুত্ব দিতে হবে বলে তিনি মন্তব্য করেন।
মূল প্রবন্ধে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের রোড সেফটি প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ ওয়ালী নোমান বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী ২০১০ থেকে ২০২১ সালের মধ্যে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ২৩ শতাংশ বেড়েছে, অথচ ইউরোপীয় অঞ্চলে একই সময়ে তা ৩৬ শতাংশ কমেছে। বিশ্বে প্রতিবছর প্রায় ১১ লাখ ৯০ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান, যার ৯২ শতাংশই নিম্ন ও মধ্যম আয়ের দেশে। ২০২৪ সালের একটি গবেষণার তথ্য তুলে ধরে তিনি জানান, বাংলাদেশের হাসপাতালের মোট শয্যার গড়ে ১৬.২ শতাংশ সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ব্যবহৃত হয়। একজন আহত রোগীকে গড়ে ১৬ দিন হাসপাতালে থাকতে হয় এবং সরকারি ব্যয় বাদে রোগীপ্রতি গড় খরচ ৩১ হাজার ৬৮৩ টাকা।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, দুর্ঘটনা-পরবর্তী চিকিৎসার পাশাপাশি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিলে প্রাণহানির সঙ্গে স্বাস্থ্যসেবার ওপর চাপও কমবে। রেড ক্রিসেন্টের মহাসচিব মো. হাবিবুর রহমান খান বলেন, প্রতিটি গুরুতর দুর্ঘটনার যথাযথ তদন্ত, দায় নির্ধারণ এবং দ্রুত উদ্ধার ও চিকিৎসা নিশ্চিত করা জরুরি; এ কাজে সংস্থার স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক সহায়তা করতে পারে।