মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে যাওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক; ডিলার পলাতক

সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় থেকে ট্রাকভর্তি সার জব্দ করেছে পুলিশ; সংশ্লিষ্ট ডিলার ও তাঁর ছেলেকে পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকের চালককে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় থেকে ট্রাকটি জব্দ করা হয়।

আটক চালকের নাম আব্দুল মান্নান। তিনি যশোরের অভয়নগর উপজেলার মশিউরনগর এলাকার আব্দুর রহিমের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, যশোরের নওয়াপাড়া থেকে ট্রাকভর্তি সার চাঁপাইনবাবগঞ্জের গোলাপেরহাটে বিসিআইসির ডিলার হুমায়ুন কবিরের গুদামে নেওয়া হচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সারসহ ট্রাকটি জব্দ করে।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, ডিলার হুমায়ুন কবিরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সার কালোবাজারির অভিযোগ রয়েছে। সার জব্দের পর থেকে তিনি ও তাঁর ছেলে বাবু মুঠোফোন বন্ধ করে পলাতক। সকাল থেকে তাঁর দোকানও বন্ধ রয়েছে। অভিযানের সময় ডিলারকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কালোবাজারে বিক্রির জন্যই সারগুলো যশোর থেকে আনা হয়েছিল। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি শাহীন আকন্দ বলেন, অবৈধভাবে কালোবাজারে নেওয়ার পথে উদ্ধার করা ৭০০ বস্তা সার বর্তমানে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।