৪৫তম বিসিএস থেকে শিক্ষা ক্যাডারের নবম গ্রেডে প্রভাষক পদে ৩৮৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। এতে চাকরিতে যোগদানের সময় ও ওরিয়েন্টেশন কর্মসূচির সময়সূচিও জানিয়ে দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বর পূর্বাহ্নে সশরীরে উপস্থিত হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে প্রভাষক পদে যোগদানপত্র জমা দিতে হবে। যোগদানের স্থান বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি। এর পরপরই ১ থেকে ৮ নভেম্বর পর্যন্ত একই স্থানে আট দিনের আবাসিক ওরিয়েন্টেশন কার্যক্রমে অংশ নিতে হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১৪ অক্টোবর জারি হওয়া প্রজ্ঞাপনের আলোকে ৩৮৩ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতন স্কেল অনুযায়ী ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা বেতনক্রমে কিছু শর্ত সাপেক্ষে নিয়োগ দেওয়া হলো।
শর্তগুলোর মধ্যে রয়েছে—নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে এবং তারপর পেশাগত ও বিশেষ প্রশিক্ষণ নিতে হবে। যোগদানের পর দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে; প্রয়োজনে সরকার এ সময় সর্বোচ্চ দুই বছর বাড়াতে পারবে। শিক্ষানবিশকালে চাকরিতে বহাল থাকার অনুপযোগী বিবেচিত হলে কারণ দর্শানো ছাড়াই এবং সরকারি কর্ম কমিশনের পরামর্শ ছাড়া অপসারণ করা যাবে। প্রশিক্ষণ সফলভাবে শেষ করা, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে শেষ হলে চাকরি স্থায়ী করা হবে।
প্রশিক্ষণে যাওয়ার আগে একজন জামানতদারসহ ৩০০ টাকার স্ট্যাম্পে বন্ড সম্পাদন করতে হবে। এতে বলা থাকবে, শিক্ষানবিশকালে বা তা শেষ হওয়ার তিন বছরের মধ্যে চাকরি ছাড়লে প্রশিক্ষণকালে পাওয়া বেতন-ভাতা, অগ্রিম ও প্রশিক্ষণে সরকারের ব্যয় করা সব অর্থ ফেরত দিতে হবে। নির্ধারিত তারিখে যোগদান না করলে প্রার্থী যোগদানে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং নিয়োগপত্র বাতিল গণ্য হবে।