বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয় সম্পর্ক জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে পাকিস্তান সফরে গেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে তিনি সংসদীয় প্রতিনিধিদল নিয়ে এ সফরে গেছেন।
সোমবার দুপুর ১টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ইসলামাবাদের উদ্দেশে রওনা হন স্পিকার। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সফর শেষে আগামী ২৯ নভেম্বর তাঁর নেতৃত্বে প্রতিনিধিদলটির দেশে ফেরার কথা রয়েছে।
সফরসঙ্গী হিসেবে প্রতিনিধিদলে আছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।
বিমানবন্দরে স্পিকারকে বিদায় জানান ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সফরে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিই মূল লক্ষ্য বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।