শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

৬১ জেলার ভূমি অফিস কেন্দ্রীয় ডিজিটাল নেটওয়ার্কে: ঘরে বসে নামজারি, খতিয়ান ও ভূমি কর পরিশোধের উদ্যোগ

ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিকে পরামর্শক সেবার দায়িত্ব দিতে ৩৬২ কোটি টাকার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

ভূমি অফিসে না গিয়েই জমির খতিয়ান সংগ্রহ, নামজারি ও ভূমি উন্নয়ন কর পরিশোধের সুযোগ তৈরি করতে ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১ জেলার ভূমি অফিসকে কেন্দ্রীয় ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনা হবে।

জমির রেকর্ড, খতিয়ান ও হোল্ডিংয়ের তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ, যাচাই ও সংশোধনের দায়িত্ব পেয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। এ কাজে পরামর্শক সেবা নিতে ব্যয় হবে ৩৬২ কোটি টাকা। ভূমি মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী ভূমি ব্যবস্থাপনা অটোমেশন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ–সংক্রান্ত প্রস্তাব অনুমোদন পায়।

দেশের ভূমি প্রশাসনকে কাগজবিহীন ও দালালমুক্ত করার লক্ষ্যে ২০২০ সালের জুলাইয়ে প্রকল্পটি নেওয়া হয়। এর আওতায় ভূমিসংক্রান্ত তথ্য সংরক্ষণ ও সেবা দেওয়ার প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে নাগরিকদের ভোগান্তি, হয়রানি ও সময়ক্ষেপণ কমবে বলে আশা করছে সরকার।

পরিকল্পনা অনুযায়ী জমির রেকর্ড, খতিয়ানসহ ভূমিসংক্রান্ত বিভিন্ন তথ্য একটি কেন্দ্রীয় ডিজিটাল তথ্যভান্ডারে সংরক্ষণ করা হবে। প্রতিটি খতিয়ানের সঙ্গে জমির মালিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও মোবাইল নম্বর যুক্ত করার কথা রয়েছে। এতে জমির মালিকানা যাচাই সহজ হবে; কেউ জমি কেনার আগে মালিকানার প্রয়োজনীয় তথ্য যাচাই করতে পারবেন। পাশাপাশি জাল খতিয়ান ও ভুয়া দলিল তৈরির ঝুঁকি কমবে বলে আশা করা হচ্ছে।

ব্যবস্থাটি চালু হলে ভূমি অফিসে না গিয়ে ঘরে বসেই নামজারির আবেদন, খতিয়ান সংগ্রহ এবং ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন জমির মালিকেরা।

তবে ডিজিটাল সেবা ব্যবহারে অদক্ষ ও প্রযুক্তিসুবিধাবঞ্চিত মানুষের জন্য বিকল্প সহায়তা নিশ্চিত করাও জরুরি বলে মনে করা হচ্ছে। বিশেষ করে গ্রামের বয়স্ক মানুষ এবং স্মার্টফোন বা ইন্টারনেট ব্যবহারে অনভিজ্ঞ নাগরিকদের জন্য সহায়তামূলক ব্যবস্থা না থাকলে নতুন পদ্ধতিতেও ভোগান্তির আশঙ্কা থেকে যাবে।