সিরাজগঞ্জের তাড়াশে জমিসংক্রান্ত মামলার হাজিরা দিতে আদালতে যাওয়ার পথে গাড়িচাপায় নিহত দুই যুবকের লাশ মৃত্যুর ২০ মাস চার দিন পর কবর থেকে তোলা হয়েছে। হত্যার অভিযোগ থাকায় আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য শনিবার দুপুরে সগুনা ইউনিয়নের হেমনগর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে লাশ দুটি উত্তোলন করা হয়। এ সময় কবরস্থানে উৎসুক মানুষের ভিড় জমে।
নিহত দুজন হলেন তাড়াশ উপজেলার হেমনগর গ্রামের মরহুম আজিজ ফারুকীর ছেলে রোকুনুজ্জামান রোকন ফারুকী এবং তাঁর প্রতিবেশী ভাতিজা নাসির উদ্দিন নান্টু। লাশ উত্তোলনের সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নেজারত শাখার দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন, রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. সায়েম, সলঙ্গা থানার একদল পুলিশ সদস্য, নিহতদের পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৪ মার্চ জমিজমাসংক্রান্ত মামলার হাজিরা দিতে আদালতে যাচ্ছিলেন রোকুনুজ্জামান ও নাসির উদ্দিন। পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার হরিণচড়া বাজার এলাকায় হাইস গাড়ির চাপায় তাঁরা নিহত হন। তখন ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা উল্লেখ করে হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছিল।
নিহত রোকুনুজ্জামানের ছোট ভাই ও মামলার বাদী ফেরদৌস মামুন ওরফে শাওন ফারুকী (৩৭) দাবি করেন, দুজনের মৃত্যু সড়ক দুর্ঘটনা ছিল না; জমিজমার বিরোধের জেরে তাঁদের পরিকল্পিতভাবে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়েছে। এই অভিযোগে তিনি চলতি বছরের ১০ সেপ্টেম্বর সিরাজগঞ্জের সলঙ্গা থানার আমলি আদালতে পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিরা অভিযুক্ত মাত্র; তাঁদের দোষ প্রমাণিত হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে।