রাজশাহীতে ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারীকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার বেলা তিনটা পর্যন্ত নগরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠ ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আরএমপির মিডিয়া মুখপাত্র ও ডিবি প্রধান গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাহফিলে বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে বলে পকেটমারের ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় আগে থেকেই পুলিশের বিশেষ গোয়েন্দা নজরদারি ছিল। বিভিন্ন সময়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা এবং পকেটমারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬৫ নারীকে আটক করা হয়েছে। আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে এসেছেন।
গাজিউর রহমান আরও জানান, আটক ব্যক্তিদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে। তাঁদের দলের আরও সদস্যকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে শনিবার বিকেল থেকে মাদ্রাসা মাঠে এই তাফসির মাহফিল শুরু হয়। মাহফিলে প্রধান আলোচক হিসেবে মিজানুর রহমান আজহারীর উপস্থিত থাকার কথা। রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর থাকার কথা রয়েছে। আয়োজকেরা ধারণা করছেন, বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ মানুষ মাহফিলে আসতে পারেন।
বিপুল জনসমাগমকে কেন্দ্র করে মাহফিলস্থল ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।