প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এককভাবে নয়, ১১-দলীয় ঐক্য বা জোটগতভাবে আলোচনায় বসতে চায় জামায়াতে ইসলামী। এই প্রস্তাবে সরকারও ইতিবাচক বলে জানা গেছে। তবে আলোচনার স্থান ও তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
জামায়াতের নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট ১১-দলীয় ঐক্য বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কার্যক্রমের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী যে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক দিয়েছেন, তাতে সাড়া দিতে তারা প্রস্তুত। তবে এ ক্ষেত্রে তাদের কিছু শর্ত রয়েছে। তারা চায়, প্রধানমন্ত্রীর দপ্তরের বদলে অন্য কোনো স্থানে আলোচনা হোক। বিরোধী পক্ষের মত, সেটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা বা ফরেন সার্ভিস একাডেমিতে হতে পারে। এ নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ চলছে বলে জামায়াতের দলীয় সূত্র জানিয়েছে।
১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ শুক্রবার বলেন, জামায়াত একক দল হিসেবে অংশ না নিয়ে ১১-দলীয় ঐক্যের পক্ষ থেকে আলোচনায় যেতে চায়। উভয় পক্ষের সময়ের সঙ্গে সমন্বয় করে ১১ দলের সম্মিলিত আলোচনার উপযোগী স্থান নিয়ে কথা চলছে।
সরকারের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, ১১ দলের জোটগতভাবে আলোচনায় অংশ নেওয়ার প্রস্তাবে সরকার ইতিবাচক। জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে ফ্যাসিবাদ মোকাবিলায় ঐক্য গঠনের বিষয়ে সরকারের সদিচ্ছা রয়েছে। তবে সরকার এটিকে ‘সংলাপ’ বলতে চায় না এবং আলোচনার দিনক্ষণও এখনো ঠিক হয়নি।
জামায়াত নেতাদের বক্তব্য, প্রতিটি দল থেকে দুজন করে অংশ নিলেও প্রতিনিধিদল বড় হবে, তাই উপযোগী স্থান দরকার। সচিবালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে প্রধানমন্ত্রীর যে ধরনের বৈঠক হয়েছে, ১১ দলকে নিয়ে তাঁরা সেভাবে বসতে চান না। প্রধানমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যে পৃথকভাবে বৈঠক করলেও এনসিপি জোটগত আলোচনায় অংশ নেবে বলে ১১-দলীয় ঐক্য-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অবশ্য এনসিপির সঙ্গে প্রধানমন্ত্রীর অফিসকক্ষের ওই বৈঠককে সরকারের দিক থেকে ‘মতবিনিময়’ বলে উল্লেখ করা হয়।