সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক। সম্প্রতি এক পডকাস্টে তিনি এ কথা বলেন।
টিউলিপ পডকাস্টে বলেন, ‘আমি একজন স্বনামধন্য আইনজীবীর সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়া নোবেলজয়ী অর্থনীতিবিদ ইউনূসের বিরুদ্ধে মামলা করার যথেষ্ট ভিত্তি আমার রয়েছে। আমি আইনজীবীদের সঙ্গে আইনি বিকল্পগুলো খতিয়ে দেখছি এবং পদক্ষেপ নেওয়ার কথা ভাবছি।’ তবে কোন আদালতে বা কী অভিযোগে মামলা করা হতে পারে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
টিউলিপ সিদ্দিক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি এবং লন্ডনের হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের সংসদ সদস্য। ইউনূস প্রশাসনের আনা দুর্নীতির অভিযোগের মধ্যে গত বছর তাঁকে যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়েছিল।
ঢাকার উপকণ্ঠে পরিবারের জন্য একটি প্লট বরাদ্দ নিতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করার অভিযোগে গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের একটি আদালত টিউলিপকে তাঁর অনুপস্থিতিতে দুই বছরের কারাদণ্ড দেন। ওই মামলায় তাঁর সঙ্গে আরও ১৬ জনকে সাজা দেওয়া হয়েছিল। লন্ডনে বসবাসরত টিউলিপ শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। পডকাস্টে তিনি দাবি করেন, তিনি প্রতিহিংসামূলক মামলার শিকার হয়েছেন।
টিউলিপের এ বক্তব্যের বিষয়ে মন্তব্য জানতে অধ্যাপক ইউনূসের দুজন ঘনিষ্ঠ সহযোগীর মাধ্যমে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি বলে জানা গেছে। টিউলিপের বক্তব্য ও ইউনূস প্রশাসনের আনা অভিযোগ—দুই পক্ষের দাবিই এখনো আদালতে বা কোনো স্বাধীন তদন্তে চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়নি।