খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহের সময় অগ্রিম কর আদায়ে তথ্যপ্রযুক্তির সহায়তা নিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সরবরাহ করা পণ্যের দামের প্রতি হাজারে দুই টাকা অগ্রিম কর হিসেবে কেটে রাখা হবে। এই বিধান বাজেটেই করা হয়েছে; এখন তা বাস্তবায়ন করতে চায় সংস্থাটি।
এ কর আদায়ে বিশেষ অ্যাপ বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এনবিআরের তথ্যপ্রযুক্তি শাখা অ্যাপটির কাজ শুরু করেছে। আগামী জানুয়ারি থেকে অ্যাপ ব্যবহার চূড়ান্ত করা হতে পারে। দেশে প্রায় ৭০ লাখ খুচরা বিক্রেতা আছেন। কর আদায় শুরু হলে তাঁরা সবাই করের আওতায় চলে আসবেন। তবে অনেকে শঙ্কা প্রকাশ করছেন, এতে ছোট খুচরা বিক্রেতাদের ওপর চাপ বাড়বে এবং পণ্যের দাম বাড়তে পারে।
বড় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের দেশজুড়ে পরিবেশক আছে। প্রাথমিকভাবে এই পরিবেশকেরাই অ্যাপ ব্যবহার করবেন। অ্যাপের মাধ্যমে তাঁরা খুচরা বিক্রেতাদের কাছে পণ্য বিক্রির হিসাব রাখবেন ও রসিদ দেবেন; এ জন্য ই-ইনভয়েস স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে। পণ্যের মূল্যও অ্যাপের মাধ্যমে নেওয়া যাবে। মাস শেষে বিক্রির হিসাব ধরে প্রতি হাজারে দুই টাকা অগ্রিম কর পরিবেশকেরা সরকারি কোষাগারে জমা দেবেন। এই কর আসলে খুচরা বিক্রেতার অগ্রিম কর। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কোষাগারে টাকা জমা দেওয়ার সুযোগও রাখা হচ্ছে।
এনবিআর সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে শুধু পরিবেশক পর্যায়ে এ ধরনের অ্যাপ চালু করা হবে। পরে পর্যায়ক্রমে সব পাইকারি বিক্রেতার জন্য অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করা হবে। অ্যাপ বানানো ও বাস্তবায়নের কৌশল নিয়ে শিগগিরই শীর্ষ প্রতিষ্ঠানের বিক্রয়প্রধানদের সঙ্গে আলোচনা শুরু করবে সংস্থাটি। এনবিআরের আয়কর বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, অ্যাপ দিয়ে কর আদায়ের বিষয়টি নিশ্চিত করবেন পরিবেশকেরা; তাই ব্যবসায়িক প্রতিনিধিদের মতামত জরুরি।