রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর; সরকারি কোয়ার্টারে নোংরা থাকলে বরাদ্দ বাতিলের হুঁশিয়ারি

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার প্রায় ৩৯ হাজার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীর অভিজ্ঞতা কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন।

পাড়া-মহল্লায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী ও প্রবীণ নাগরিকদের নিয়ে বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা উপদেষ্টা বা দায়িত্বপূর্ণ পদে থাকবেন এবং তরুণদেরও সক্রিয়ভাবে যুক্ত করা হবে। অন্যদিকে সরকারি কোয়ার্টারে বসবাসকারীরা ময়লা-আবর্জনা পরিষ্কারে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে তাঁদের আবাসন বরাদ্দ বাতিল হতে পারে বলে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা মহানগরের পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনায় গঠিত কমিটিগুলোর কাজের অগ্রগতি, বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগ ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখা এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

সভা শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিদ্ধান্তগুলো তুলে ধরেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ২০টি আঞ্চলিক কার্যালয়ে একটি করে কমিটি গঠন করা হয়েছে। গত ২৭ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে এই কমিটিগুলো মাঠপর্যায়ে কাজ শুরু করেছে। এরই মধ্যে কমিটিগুলো প্রায় ২৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১৩৯টি সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক, ১১২টি সরকারি কোয়ার্টার, ১৫২টি বাজার ও শপিং কমপ্লেক্স, ১৮৮টি সড়ক, ফুটপাত ও জনস্থান এবং ১৩৬টি বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন, কলোনি ও বস্তিসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেছে। পরিদর্শনের পর পরিচ্ছন্নতা পরিস্থিতি উন্নয়নে কয়েকটি সুপারিশ করা হয়, যার মধ্যে বিশেষ কমিটি গঠনের সুপারিশ প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন।

প্রতিমন্ত্রী বলেন, রাজধানীতে প্রায় ৩৯ হাজার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী বসবাস করছেন। তাঁরা রাষ্ট্রের অত্যন্ত অভিজ্ঞ নাগরিক; তাঁদের অভিজ্ঞতা দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে প্রধানমন্ত্রী প্রতিটি পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনের অনুশাসন দিয়েছেন। খুব দ্রুতই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।

পরিচ্ছন্নতার ক্ষেত্রে ঢাকার সরকারি কোয়ার্টারগুলোর অবস্থা সবচেয়ে শোচনীয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বাসিন্দারা ময়লা-আবর্জনা পরিষ্কারে উদ্যোগ না নিলে এবং আগের অপরিচ্ছন্ন অবস্থা বজায় রাখলে তাঁদের আবাসন বরাদ্দ বাতিল করা হতে পারে। তিনি আরও বলেন, সরকার ঢাকাকে কানাডা বা সিঙ্গাপুর বানানোর অবাস্তব প্রতিশ্রুতি দিতে চায় না; বরং শহরটিকে একটি প্রকৃত বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। এ জন্য শুধু রাষ্ট্র বা ব্যবস্থার ওপর সম্পূর্ণ দায়িত্ব না চাপিয়ে নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখতে নগরবাসীর প্রতি আন্তরিক আহ্বান জানান তিনি।