এশিয়া কাপ আর্চারির কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে সোনা জিতেছে বাংলাদেশ। ইরাকের সুলায়মানিয়ায় বুধবার ফাইনালে কাজাখস্তানকে ২৩০-২২০ পয়েন্টে হারিয়ে সেরা হয়েছেন বাংলাদেশের তিন আর্চার বন্যা আক্তার, কুলছুম আক্তার মনি ও শ্রীপর্না বিশ্বাস। বাংলাদেশ আর্চারি ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে এই সাফল্যের কথা জানিয়েছে।
২০২৬ সালের এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগের ফাইনালে শুরু থেকেই দাপট দেখিয়েছেন বাংলাদেশের মেয়েরা। চারটি এন্ডের প্রতিটিতেই তাঁরা কাজাখস্তানের চেয়ে বেশি পয়েন্ট পেয়েছেন।
প্রথম এন্ডে বাংলাদেশ পায় ৫৭ পয়েন্ট, কাজাখস্তান ৫৫। দ্বিতীয় এন্ডে বাংলাদেশের ৫৭ পয়েন্টের বিপরীতে কাজাখস্তান পায় ৫২। তৃতীয় এন্ডে বাংলাদেশ ৫৮ ও কাজাখস্তান ৫৬ পয়েন্ট পায়। চতুর্থ ও শেষ এন্ডে বাংলাদেশ আরও ৫৮ পয়েন্ট যোগ করে, কাজাখস্তানের সংগ্রহ ৫৭।
সব মিলিয়ে বাংলাদেশের মোট পয়েন্ট দাঁড়ায় ২৩০, কাজাখস্তানের ২২০। ১০ পয়েন্টের ব্যবধানে জিতে সোনার পদক গলায় পরেন বন্যা, মনি ও শ্রীপর্না।