রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

বন্দরে বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, থানায় অভিযোগ ও তিন সদস্যের তদন্ত কমিটি

নারায়ণগঞ্জের বন্দরে জন্মের পরদিন নবজাতকের মৃত্যুর পর বাবা চিকিৎসক ও ক্লিনিকের মালিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।

নারায়ণগঞ্জের বন্দরে একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা হোসেন রয়েল বাদী হয়ে ক্লিনিকের মালিক ও চিকিৎসক ডা. ময়না বেগমের বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার তদন্তে স্বাস্থ্য বিভাগ তিন সদস্যের একটি কমিটিও গঠন করেছে।

অভিযোগে হোসেন রয়েল উল্লেখ করেন, গত ২৩ অক্টোবর সকালে প্রসববেদনা উঠলে তাঁর স্ত্রীকে আমিন আবাসিক এলাকার স্কুলঘাটসংলগ্ন ময়না ক্লিনিকে ভর্তি করা হয়। দুপুরে অস্ত্রোপচারে তাঁদের একটি ছেলেসন্তান জন্ম নেয়। জন্মের পর শিশুটি ক্রমাগত কাঁদতে থাকলে বিষয়টি চিকিৎসককে জানানো হয়। তাঁর অভিযোগ, চিকিৎসক তখন শিশুর কোনো সমস্যা নেই বলে অভয় দেন।

বাবার ভাষ্য অনুযায়ী, শনিবার সকালে শিশুটির কান্না বেড়ে গেলে চিকিৎসককে ফোন করা হয়। কিন্তু তিনি ক্লিনিকে এসে শিশুকে দেখেননি। এমনকি দায়িত্বরত নার্সদের ডাকলেও সাড়া মেলেনি বলে অভিযোগ করেন তিনি। শিশুর অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাঁরা প্রথমে ঝাউতলা এলাকার এক চিকিৎসকের কাছে যান। সেখানে চিকিৎসককে না পেয়ে আবার যোগাযোগ করলে তাঁদের ময়না বেগমের ব্যক্তিগত চেম্বারে এবং পরে ফরাজীকান্দা এলাকার আরেক চিকিৎসকের কাছে যেতে বলা হয়। কোথাও প্রয়োজনীয় চিকিৎসা মেলেনি বলে তাঁর অভিযোগ। শেষে মাতুয়াইল শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। ওই চিকিৎসক জানান, প্রায় এক ঘণ্টা আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

অভিযোগের বিষয়ে ময়না ক্লিনিকের কর্মকর্তা কাউছার বলেন, মারা যাওয়ার আগে শিশুটি সুস্থ ও স্বাভাবিক ছিল এবং তাকে যথোপযুক্ত চিকিৎসা দেওয়া হয়েছে। পরিবারকে মায়ের বুকের দুধ ছাড়া অন্য কোনো খাবার না দিতেও বলা হয়েছিল। মৃত্যুর কারণ কী, তা নিয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।

বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আলাউল কবির দিপু বলেন, সিভিল সার্জনের নির্দেশে ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর বিস্তারিত বলা সম্ভব হবে। বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, তাঁরা ঘটনাটি সম্পর্কে অবগত আছেন এবং লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।