বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬

রংপুরের গঙ্গাচড়ায় মাদকবিরোধী সমাবেশে আটজন মাদক কারবারির কারবার ছাড়ার অঙ্গীকার

মাদকের ট্রানজিট পয়েন্ট হিসেবে পরিচিত তালপট্টি বাজারে সমাবেশে এমপি তাঁদের ফুল দিয়ে বরণ করেন; এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাস।

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আয়োজিত এক মাদকবিরোধী সচেতনতা সমাবেশে আটজন মাদক কারবারি কারবার ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তাঁরা অঙ্গীকার করেন, নিজেরা মাদক কারবার করবেন না এবং অন্যকেও করতে দেবেন না। বুধবার রাত ১০টার দিকে মর্নেয়া ইউনিয়নের তালপট্টি বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কারবার ছাড়ার ঘোষণা দেন রংপুরের মর্নেয়া ইউনিয়নের সাতজন এবং লালমনিরহাট সদরের হরিণচড়ার একজন। স্থানীয় সংসদ সদস্য রায়হান সিরাজী তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে রংপুর ও লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার, গঙ্গাচড়ার সহকারী কমিশনার (ভূমি), গঙ্গাচড়া থানা, হারাগাছ মেট্রোপলিটন থানা ও লালমনিরহাট সদর থানার ওসিরা, উপজেলা জামায়াতের আমির, ইউনিয়ন প্রশাসক এবং বিএনপির স্থানীয় নেতারাসহ অনেকে উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য রায়হান সিরাজী ঘটনাটিকে ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেন। তিনি বলেন, তালপট্টির চর ভৌগোলিকভাবে রংপুরের মর্নেয়া ইউনিয়ন, হারাগাছ থানা ও লালমনিরহাটের খুনিয়াগাছ ইউনিয়নের হরিণচড়া গ্রামের সীমান্তবর্তী ও দুর্গম এলাকা হওয়ায় এটি মাদকের ট্রানজিট রুটে পরিণত হয়েছিল। সেই রুট থেকেই মাদকের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হলো।

তিনি আরও বলেন, কারবার ছাড়া ব্যক্তিদের উদ্দেশে কেউ যেন ব্যঙ্গাত্মক কথা না বলে। তাঁরা বলেছেন, তাঁদের বাড়িতে হামলা হয়েছে; এটি কখনো করা যাবে না। এখন তাঁরা আমাদের ভাই এবং আমরা চাই তাঁরা নতুন জীবন শুরু করুক। মাদক কারবার ছেড়ে দেওয়া ব্যক্তিদের সামাজিকভাবে সুরক্ষা দেওয়া এবং অন্য কারবারিদেরও এ পথে আসার আহ্বান জানান তিনি।

এমপি জানান, এখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য তিনি সংসদে কথা বলেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও আলোচনা করেছেন। তাঁর ভাষ্য, খুব দ্রুত সেটি হবে।