বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

পোশাকশিল্পাঞ্চলে অস্থিরতার মধ্যে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে মোট ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

মিরপুর, সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরায় নজরদারি চলছে।

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মোট ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ মঙ্গলবার বিজিবির সদর দপ্তরের মিডিয়া শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবির তথ্য অনুযায়ী, ঢাকার মিরপুর, সাভার, হেমায়েতপুর ও আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া এলাকায় ২০ প্লাটুন মোতায়েন রয়েছে। গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় রয়েছে ১৫ প্লাটুন। নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় মোতায়েন করা হয়েছে ৭ প্লাটুন।

বিজিবি জানায়, মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ কার্যক্রমে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবির ভাষ্য, শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনী স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

এর আগে সোমবার থেকে নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত হওয়ার পর গাজীপুর, মিরপুর ও সাভার-আশুলিয়ায় পোশাকশ্রমিকেরা বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।