রাজধানীতে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে এ সামিটের আয়োজন করছে।
শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এ আয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহার, দেশীয় উদ্ভাবন ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই দিন সকাল ১০টায় কেন্দ্রের হল অব ফেমে উদ্বোধনী অধিবেশন হবে। প্রধান অতিথি হিসেবে থাকার কথা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বিশেষ অতিথি থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ।
সামিটে এআই প্রযুক্তির অগ্রগতি, ব্যবসায়িক প্রয়োগ, উদ্ভাবন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে তিনটি আলোচনা অধিবেশন থাকবে। এতে করপোরেট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, ব্যবসায়ী, প্রযুক্তিবিশেষজ্ঞ ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন। এসব অধিবেশনে প্রযুক্তির কার্যকর ব্যবহার, দেশীয় উদ্ভাবনের বাণিজ্যিকীকরণ ও দক্ষ মানবসম্পদ উন্নয়নের বিষয়গুলো প্রাধান্য পাবে। এ ছাড়া সামিট প্রাঙ্গণের প্রদর্শনীতে শতাধিক এআইভিত্তিক স্টার্টআপ তাদের প্রযুক্তি, সেবা ও বাস্তবমুখী সমাধান তুলে ধরবে। আয়োজকেরা আশা করছেন, এতে উদ্যোক্তারা সম্ভাব্য বিনিয়োগকারী ও অংশীদারদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন।
সামিটের প্রস্তুতি পর্যালোচনা ও কার্যক্রম সমন্বয়ের জন্য রোববার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে একটি সভা হয়। মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বিভিন্ন উপকমিটির আহ্বায়ক, সদস্যসচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিসিসিআইয়ের কর্মকর্তারা ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে মতামত দেন। সভায় এআই প্রযুক্তির বিকাশ, ব্যবসা-বাণিজ্যে এর প্রয়োগ, উদ্ভাবনী উদ্যোগের প্রসার এবং শিল্প খাতের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের অংশীদারত্ব বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।