কৃষকেরা সার পাচ্ছেন না—এমন অভিযোগ ওঠার প্রেক্ষাপটে বরাদ্দ করা বাড়তি সার কোথায় গেল, সেই প্রশ্ন তুলেছেন কৃষিসচিব সেলিম খান। একই সঙ্গে সারের কৃত্রিম সংকট তৈরির পেছনে সিন্ডিকেটের তৎপরতার অভিযোগ তুলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে কৃষক পর্যায়ে সার বিতরণ ব্যবস্থাপনা পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নেতা ও ডিলাররা উপস্থিত ছিলেন।
কৃষিসচিব বলেন, গত ১০ বছর প্রতি মৌসুমে ৫৬ লাখ টন সার দিয়ে বাম্পার ফলন হয়েছে বলে মাঠপর্যায়ের কর্মকর্তা ও ডিলাররা দাবি করে থাকেন। অথচ এবার ৫৮ লাখ টন এবং পরে আরও সাড়ে চার লাখ টন পর্যালোচনা করে মোট ৬২ লাখ টন সার দেওয়ার পরও কেন শুনতে হচ্ছে যে সার নেই বা কৃষক পর্যাপ্ত সার পাচ্ছেন না—সেই প্রশ্ন তোলেন তিনি। তাঁর ভাষ্য, সরকারকে বিব্রত করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু অপপ্রচার ও সিন্ডিকেটের চেষ্টা চলছে।
ডিলারদের উদ্দেশে তিনি বলেন, সার বিতরণে ঘোষণা দিয়ে নির্দিষ্ট পয়েন্টে সার যাওয়ার কথা জানানোর প্রয়োজন নেই। বরং প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিলার পয়েন্ট খোলা রাখতে হবে, যাতে কৃষক যখন ইচ্ছা তখন সার নিতে পারেন। কৃষকের কাছে যথাসময়ে ও সঠিক মূল্যে সার না পৌঁছালে সরকারের সব পরিশ্রম বৃথা যাবে বলে মন্তব্য করেন তিনি।
কৃষিসচিব আরও বলেন, গাফিলতি বা অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তি কৃষি বিভাগের কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা কিংবা ডিলার—যে-ই হোক, ছাড় দেওয়া হবে না, আইনি ব্যবস্থা নেওয়া হবে। সারের চাহিদা নির্ধারণে মাঠপর্যায়ের কৃষি বিভাগের তথ্যে ত্রুটি আছে উল্লেখ করে তিনি বলেন, কৃষকের যতটুকু প্রয়োজন, ততটুকুই দেওয়া হবে; এই ত্রুটি থেকে বেরিয়ে আসতে হবে।