শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়, বললেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

সর্বদলীয় সংসদীয় ককাসের আলোচনা সভায় স্পিকার বলেন, আসনের পরিবর্তে প্রতিটি দল সরাসরি নির্বাচনে মোট আসনের এক-তৃতীয়াংশে নারীদের মনোনয়ন দিক।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তাঁর মতে, দেশের নারীরা এখন নিজ যোগ্যতায় এগিয়ে যাচ্ছেন। তাই সংরক্ষিত আসনের পরিবর্তে সরাসরি নির্বাচনের মাধ্যমে সংসদের মোট আসনের এক-তৃতীয়াংশে নারীদের মনোনয়ন দেওয়া উচিত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়ানোর প্রসঙ্গে স্পিকার বলেন, সংরক্ষিত আসনের বদলে প্রতিটি রাজনৈতিক দলের উচিত সরাসরি নির্বাচনে মোট আসনের এক-তৃতীয়াংশে নারী প্রার্থী মনোনয়ন দেওয়া।

দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির জন্য রাজনীতিবিদদের দায়ী করে স্পিকার বলেন, রাজনীতিবিদেরা নিজেদের সংশোধন করলে দেশের অবস্থারও পরিবর্তন সম্ভব। দলীয় রাজনীতির মাধ্যমে ব্যক্তিগত সুবিধা নেওয়ার প্রবণতার কারণে সুবিধাবঞ্চিত মানুষের কথা অনেক সময় রাজনীতিবিদদের বিবেচনায় থাকে না বলেও মন্তব্য করেন তিনি।

বিগত তিনটি জাতীয় নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ আখ্যা দিয়ে স্পিকার বলেন, এবারের জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে।