শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

মধ্যপ্রাচ্য সংকটে ৫৫টি এলএনজি কার্গো বাতিল, মার্চ থেকে সেপ্টেম্বরে বাড়তি ব্যয় প্রায় ৪১২ কোটি ডলার

এনার্জি কনফারেন্সে অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান, ডিজেলের মজুদ ১৭ দিন থেকে বেড়ে ৩৮ দিনে উন্নীত হয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান সংকটে গত ১৮ মার্চ থেকে এ পর্যন্ত বাংলাদেশের ৫৫টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গো বাতিল হয়েছে। ফলে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে বেশি দামে এলএনজি কিনতে হচ্ছে সরকারকে। গত মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত এতে সরকারের অতিরিক্ত ব্যয় হয়েছে প্রায় ৪১২ কোটি মার্কিন ডলার।

শনিবার রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে চতুর্থ বাংলাদেশ এনার্জি কনফারেন্সের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর এ তথ্য দেন।

তিনি বলেন, জীবাশ্ম জ্বালানির চাহিদার বড় অংশ আমদানির মাধ্যমে মেটাতে হয়, ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে সরাসরি প্রভাব পড়ে। এতে বৈদেশিক মুদ্রা বেশি খরচ হয়, রিজার্ভের ওপর চাপ বাড়ে এবং বিদ্যুৎ ও শিল্প উৎপাদনের খরচ বেড়ে মূল্যস্ফীতিতে প্রভাব ফেলে। উপদেষ্টার ভাষ্য, সরকার একটি আর্থিকভাবে চাপগ্রস্ত ও আমদানিনির্ভর জ্বালানি খাতের দায়িত্ব নিয়েছে। ২০০৯ থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত অব্যবহৃত বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতার বিপরীতে ক্যাপাসিটি চার্জ হিসেবে ২ লাখ ৮১ হাজার ৩৮৮ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

জ্বালানি নিরাপত্তা জোরদারে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার সময় ডিজেলের মজুদ ছিল ১৭ দিনের; এখন তা ৩৮ দিনে উন্নীত হয়েছে। পর্যায়ক্রমে ৯০ দিনের চাহিদা মেটানোর মতো মজুদ গড়ার লক্ষ্য রয়েছে।

নবায়নযোগ্য জ্বালানি নিয়ে তিনি জানান, ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াটের বেশি সক্ষমতা গড়ার পরিকল্পনা আছে। এর মধ্যে ছাদে সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার ৫০০ মেগাওয়াট এবং ভূমিতে স্থাপিত সৌরবিদ্যুৎকেন্দ্র থেকে ৪ হাজার থেকে ৫ হাজার মেগাওয়াট আসবে। ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য ঠিক করা হয়েছে।

দেশীয় গ্যাস অনুসন্ধান বাড়াতে এবং বাপেক্সের সক্ষমতা জোরদারে গুরুত্ব দেওয়ার কথাও বলেন উপদেষ্টা। তিনি জানান, প্রতিদিন ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পুনঃগ্যাসীকরণের সক্ষমতার তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং মাতারবাড়িতে দৈনিক ১ হাজার মিলিয়ন ঘনফুট ক্ষমতার একটি স্থলভিত্তিক টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে।